২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভার্চুয়াল কোর্ট ছাড়া গতি নেই: প্রধান বিচারপতি

ভার্চুয়াল কোর্ট ছাড়া বিচার বিভাগের ‘গতি নেই’ বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2021, 03:20 PM

Updated : 02 Aug 2022, 06:33 PM

তিনি বলেছেন, ভার্চুয়াল কোর্ট ছাড়া মামলা জট যাবে না। এমনকি রাস্তার যানজট থেকে মুক্তির উপায়ও ভার্চুয়াল কোর্ট।

‘আদালত নির্দিষ্ট কোনো ভবন না, আদালত একটি সেবা’- ভারতেরে উপরাষ্ট্রপতির এরকম একটি উক্তি উদ্ধৃত করে প্রধান বিচারপতি বলেন, “আদালত হচ্ছে মেডিকেল সার্ভিসের মত, চব্বিশ ঘণ্টা খোলা রাখা উচিত।”

চার বছর আগে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া চুয়াডাঙ্গার ঝড়ু ও মকিমের ‘নিয়মিত আপিল’ সুরাহার শুনানিতে বুধবার প্রধান বিচারপতির এ বক্তব্য আসে।

শুনানির এক পর্যায়ে ঝড়ু-মকিমের নিয়মিত আপিলের পক্ষে নিয়োজিত আইনজীবী আসিফ হাসান মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের জেল আপিল-নিয়মিত আপিলের সমন্বয়, ফাঁসির আসামির মৃত্যুদণ্ড কার্যকর এবং সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখা ও আইনজীবীদের জন্য একটি নীতিমালা চান। 

তিনি বলেন, “এটাতে (নিয়মিত আপিলে) তো আর কিছু করার নাই। এটা (নিয়মিত আপিল) অকার্যকর হয়ে গেছে। জনগণের স্বার্থে একটা গাইডলাইন দিয়ে দেন। এটা আমার চাওয়া।”

বিচারপতি ইমান আলী এ সময় বলেন, “আজকে যদি আমাদের সব কম্পিউটারাইজড (প্রযুক্তিনির্ভর আদালত) থাকত, তাহলে এটা (নিয়মিত আপিল নিষ্পত্তির আগে আসামির ফাঁসি) হত না। কোনো কাজ করতে দেবেন না আপনারা (আইনজীবীরা), লার্নেড অ্যাডভোকেটরা কম্পিউটারাইজড হতে দেবেন না, আপনারা আপনাদের পছন্দমত কোর্টে গিয়ে মামলা করতে চান।”

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ সময় ডিসেম্বর থেকে শারীরিক উপস্থিতিতে সুপ্রিম কোর্টে চালুর কথা বলেন। 

“ভার্চুয়াল কোর্টে কাজ হয় দ্বিগুণ। ধরেন এখানে (আপিল বেঞ্চে বিচারকাজ চলার সময়) অ্যাটর্নি জেনারেল সাহেবের প্রয়োজন হল, কিন্তু অ্যাটর্নি জেনারেল সাহেব আছেন এনেক্স বিল্ডিংয়ে। আসতে আসতে ১৫ মিনিট সময় নষ্ট। ভার্চুয়াল কোর্ট হলে যেখনে আছেন সেখান থেকেই তিনি কোর্টে যুক্ত হতে পারবেন।

“তাছাড়া আপিল বিভাগের সব আইনজীবী হলেন বয়স্ক। যারা খুব নামকরা, প্রায় সবার বয়স ৭০ এর উপরে। উনারা বাসা থেকে কোর্ট করেন কোনো মুলতবি নেন না। ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেব বেডরুম থেকে কোর্ট কেরন। উনার মেয়ে উনাকে চেম্বারেও নামতে দেন না। আমিও ফিজিক্যাল কোর্ট খুলে দেব ডিসেম্বর থেকে। আপনারা সবাই ফিজিক্যাল কোর্টের ভক্ত।”

প্রধান বিচারপতি এ সময় অ্যাটর্নি জেনারেলসহ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ কয়েকজন আইনজীবী উদাহরণ দেন, যারা বিভিন্ন দেশে থেকে ভার্চুয়ালি সুপ্রিম কোর্টের বিচারকাজের সাথে যুক্ত ছিলেন।

আইনজীবী আসিফ হাসান তখন বলেন, “এটাই (ভার্চুয়াল আদলত) মনে হয় ভবিষ্যতে ইফেকটিভ হয়ে যাবে।”

প্রধান বিচারপতি তখন বলেন, “যে জানজট, এইটা থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে ভার্চুয়াল কোর্ট। আপনি (সরকার) কবে বিল্ডিং বানাবেন? কখন এই বিল্ডিং বানাবেন? এখনও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিল্ডিং হয় নাই সারাদেশ। তাই জজেরা যদি সবাই বাসা থেকে কাজ করেন, তাহলে দ্বিগুণ কাজ হবে। জ্বালানি খরচও কমবে।

দেশের বাইরে বসে বিচারকদের বিচারকাজ পরিচালনার সুযোগ আছে কিনা- অ্যাটর্নি জেনারেলের কাছে বিচারপতি ওবায়দুল হাসানের এমন প্রশ্নে হাস্যরসের সৃষ্টি হয়।

প্রধান বিচারপতি তখন বলেন, “শোনেন. কোর্ট হচ্ছে সার্ভিস, মেডিকেল সার্ভিসের মত। এটা আমার মনে হয় যে চব্বিশ ঘণ্টা খোলা থাকা উচিত। অনেক দেশেই আছে। গুজরাটে ইভিনিং কোর্ট আছে।

অ্যাটর্নি জোনারেল এ এম আমিন উদ্দিন এ সময় ছুটির মধ্যেও আদালেতের বিচারকাজ চলার উদাহরণ তুলে ধরলে প্রধান বিচারপতি বলেন. “বন্ধের মধ্যে (অবকাশের মধ্যে) ১১টা থেকে ৪টা পর্যন্ত কোর্ট করেছি। ২৫৬টা আপিল আমরা বন্ধের মধ্যে করেছি শনিবারে। ভার্চুয়াল কোর্ট ছাড়া জুডিশিয়ারির কোনো গতি নাই।”

বিচারপতি মো. নূরুজ্জামান এসময় বলেন, “শনিবারে সাড়ে ১০টা থেকে দেড়টা পর্যন্ত ভার্চুয়ালি হলিডে কোর্ট রেখে দেন। উকিল সাহেবরা মামলা করতে চান, অসুবিধা কি!”

আইনজীবী আসিফ হাসান ভার্চুয়ালি নিম্ন আদালত চলার ক্ষেত্রে সাক্ষ্য গ্রহণসহ কিছু অসুবিধার কথা বলেন।

প্রধান বিচারপতি ‘ওইটাও (সাক্ষ্য গ্রহণ) করা যাবে’ বললে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন তাতে সমর্থন দেন।

তবে বিচারপতি মো. নূরুজ্জামান সাক্ষ্য আইনের সংশোধনীর কথা বললে বিচারপতি ইমান আলী বলেন, সাক্ষ্যের জন্য সাক্ষ্য আইনের সংশোধনী দরকার নেই। সংশোধনী দরকার ইলেক্ট্রনিক ডিভাইস সাক্ষ্য হিসেবে গ্রহণ করার ক্ষেত্রে।

প্রধান বিচারপতি তখন বলেন, “আসামিদের জেলখানা থেকে আনারও প্রয়োজন নাই।”

অ্যাটর্নি জেনারেল বলেন, তথ্য প্রযুক্তি আইনের ৩ ধারায় এ বিষয়ে সুযোগ রাখা আছে।

বিচারপতি মো. নূরুজ্জামান বলেন, “রাস্তায় জ্যামও কমে যবে। হাজার হাজার আইনজীবীর বের হতে হবে না।”

প্রধান বিচারপতি বলেন, “ফিজিক্যাল কোর্টে দেখেছি, ঘুম থেকে উঠতে পারেননি, তাই মামলা পাস ওভার (সময় নেওয়া) নেন। আমরা কিন্তু সকাল ৯টায় গিয়ে হাজির (আপিল বেঞ্চে)। পরে ১২টায় এসে (আইনজীবী) অ্যাপিয়ার করেছেন কোর্টে।

“ভার্চুয়াল ছাড়া মামলা জট যাবে না। এটাতে রায়ও অনেক বাড়ানো যায়। ভার্চুয়াল কোর্টে রায়ের সংখ্যা দ্বিগুণ করা যায়। এখন তো আমি দেখি বাংলতে কথা বললে এত সুন্দর বাংলা লেখা হয়ে যায় মোবাইলে, চমৎকার!

“এটা যদি হয়, আমাদের জজ সাহেবদের কষ্ট কমে যাবে। মুখে বলবে, লেখা হতে থাকবে, জাস্ট ওইটার প্রিন্ট নিয়ে নিবে। আর্টিফিশিয়াল ইনটিলিজেন্স (কৃত্রিম বুদ্ধিমত্তা) যেভোবে আগাচ্ছে, যেখানে যাচ্ছে, আগামী ৫ বছরের মধ্যে একটা বিপ্লব হয়ে যাবে।”

এক আইনজীবী ইন্টারনেট যোগাযোগের বিষয়টি আদালতের নজরে আনলে প্রধান বিচারপতি বলেন, “দেশ ডিজিটাল হচ্ছে,এগুলো আরও বেটার হবে।”

পরে আদালত ঝড়ু ও মকিমের নিয়মিত আপিলটি অকার্যকর ঘোষণা করে নীতিমালাসহ রায় দেয়।

ঝড়ু ও মকিমের নিয়মিত আপিল অকার্যকর ঘোষণার পাশাপাশি সর্বোচ্চ আদালত জেল আপিল নিষ্পত্তি করে খালাস দেওয়া সুজন নামের এক ব্যক্তির নিয়মিত আপিলও অকার্যকর ঘোষণা করে।