বিশেষ পরীক্ষার দাবিতে নীলক্ষেত মোড় আটকে ফের বিক্ষোভ
সদ্য প্রকাশিত পরীক্ষার ফল প্রত্যাখ্যান করে দ্রুত বিশেষ পরীক্ষা নেওয়ার দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।
২০১৫-১৬ শিক্ষাবর্ষের একদল শিক্ষার্থী মঙ্গলবার বেলা ১টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সেখানে বিক্ষোভ করেন। এতে নিউ মার্কেট-আজিমপুর সড়ক ও আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়।
বিকালে সড়ক ছেড়ে যাওয়ার পর আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখপাত্র মো. আলামিন বলেন, “শিক্ষকরা আমাদের আশ্বাস দিয়েছেন যে আগামীকাল সাত কলেজের অধ্যক্ষরা মিলে মিটিং করবেন৷ মিটিংয়ে আমাদের পক্ষে সিদ্ধান্ত না আসলে বৃহস্পতিবার সকালে আবারও আন্দোলনে নামব৷”
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের ২০১৯ সালের স্নাতক চূড়ান্ত বর্ষের পরীক্ষা নেওয়া হয় ২০২১ সালে, চার বছরের কোর্সে ছয় বছর সময় লেগেছে।
বিশেষ পরীক্ষার দাবিতে মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের ২০১৫-১৬ বর্ষের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে সড়ক অবরোথ করলে আশপাশের সব রাস্তায় দেখা দেয় যানজট। ছবি: মাহমুদ জামান অভি
এর আগে খাতা পুনর্মূল্যায়ন দাবিতে গত ২৯ আগস্ট নীলক্ষেত মোড় অবরোধ করেন তারা। পরে সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার অকৃতকার্যদের বিশেষ পরীক্ষা নেওয়ার আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা।
দুই মাস অতিবাহিত হওয়ার পরও পরীক্ষার তারিখ ঘোষণা না করায় পুনরায় রাস্তায় নামতে বাধ্য হয়েছেন বলে ঢাকা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আলামিন জানান।
স্লোগানে নিজেদের দাবি তুলে ধরে নীলক্ষেত মোড়ে মঙ্গলবার সড়ক অবরোধে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের ২০১৫-১৬ বর্ষের শিক্ষার্থীরা। ছবি: মাহমুদ জামান অভি
আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারিতে বিশেষ পরীক্ষা নেওয়ার ঘোষণা না এলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
স্লোগানে নিজেদের দাবি তুলে ধরে নীলক্ষেত মোড়ে মঙ্গলবার সড়ক অবরোধে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের ২০১৫-১৬ বর্ষের শিক্ষার্থীরা। ছবি: মাহমুদ জামান অভি
শিক্ষার্থীদের দাবির বিষয়ে জানতে সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকারকে একাধিকবার ফোন করেও যোগাযোগ করা যায়নি। খুদে বার্তা পাঠালেও তিনি সাড়া দেননি।
স্লোগানে নিজেদের দাবি তুলে ধরে নীলক্ষেত মোড়ে মঙ্গলবার সড়ক অবরোধে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের ২০১৫-১৬ বর্ষের শিক্ষার্থীরা। ছবি: মাহমুদ জামান অভি
