বাংলায় প্রকাশিত হল 'অপারেশন এক্স'
বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনী ও ভারতীয় নৌবাহিনীর যৌথ নৌ কমান্ডোর বিভিন্ন অপ্রকাশিত ঘটনা নিয়ে প্রকাশিত বই 'অপারেশন এক্স' বাংলায় প্রকাশিত হয়েছে।
শনিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে বাংলা বইটির মোড়ক উন্মোচন করা হয়।
৪৮ বছর ধরে অপ্রকাশিত মুক্তিযুদ্ধের এসব বীরত্ব গাঁথা প্রথম ইংরেজিতে প্রকাশিত হয় ২০১৯ সালে।
'অপারেশন এক্স' বইটির মাধ্যমেই মুক্তিযুদ্ধে ভারতীয় নৌযোদ্ধাদের অপারেশনের বর্ণনা প্রথম সামনে আসে।
ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা প্রয়াত ক্যাপ্টেন এমএনআর সামন্তের ব্যক্তিগত নোট এবং অপারেশনে অংশ নেওয়া ভারতীয় নৌসেনা ও মুক্তিযোদ্ধাদের প্রত্যক্ষ অভিজ্ঞতার আলোকে বইটি সংকলিত হয়েছে।
বইটির সহ লেখক প্রয়াত এমএনআর সামন্ত ও সাংবাদিক সন্দীপ উন্নিথান। বইটির বাংলা অনুবাদ করেছেন যশোদা জীবন দেবনাথ।
ইংরেজি বইটি প্রকাশ করে হারপারকলিন্স পাবলিকেশনস। বাংলায় প্রকাশ করেছে বাংলাদেশের বইপত্র প্রকাশন।
অপারেশনটির পরিকল্পনা করেছিলেন তৎকালীন ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এসএম নন্দা ও ক্যাপ্টেন (পরবর্তীতে ভাইস অ্যাডমিরাল) মিহির কে রায়।
এ অভিযানের অংশ হিসেবে ৪৫০ জনেরও বেশি নৌ কমান্ডোকে প্রশিক্ষণ দেওয়া হয় এবং তৎকালীন পূর্ব পাকিস্তানে অনুপ্রবেশ করানো হয়।
এ অভিযানের মাধ্যমে নৌযান, জেটি ও সামুদ্রিক অবকাঠামো ধ্বংস করে পাকিস্তানি সামরিক ও খাদ্য সরবরাহ লাইনগুলোকে ব্যাহত করে দেওয়া হয়, যাতে পাকিস্তানি বাহিনী নিজেদের জন্য পুনরায় রসদ যোগান দিতে না পারে।
কমান্ডো অপারেশনের পাশাপাশি, বইটিতে গানবোট পদ্মা ও পলাশ দিয়ে মংলা বন্দরে অভিযানের ঘটনাও তুলে ধরা হয়েছে। ভারতীয় নৌবাহিনীর দেওয়া গানবোট দু’টিতে ভারত ও বাংলাদেশ উভয় দেশেরই নাবিক ছিল।
ঢাকায় ভারতীয় হাইকমিশন আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, "মুক্তিযুদ্ধে ভারতের অবদান অনস্বীকার্য। তাদের সহযোগিতা ছাড়া এত দ্রুত পাকিস্তানি বাহিনীকে আত্মসমর্পণ করানো যেত না।
"উনারা বইতে পূর্বপাকিস্তান লিখেছেন। কিন্তু আমরা ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণা করেছি। সরকার পরিচালনা করেছি। বইতে বাংলাদেশ লেখা উচিত ছিল। পূর্ব পাকিস্তান বললে আমরা ছোট হয়ে যাই। তখন আমরা বাংলাদেশ ছিলাম। এটা মনে রাখতে হবে। পূর্ব পাকিস্তান ব্রাকেটে রাখেন।"
তিনি বলেন, "কলকাতার আট নম্বর থিয়েটার রোড থেকে আমাদের সরকার পরিচালনা হত। সেখানে একটা মিউজিয়াম করতে চাই। এ ব্যাপারে ভারতের সহযোগিতা দরকার।
“যেখানে আমাদের সেক্টর কমান্ডের হেডকোয়ার্টার ছিল, সেখানে পাঁচ কাঠা করে জমি দিলে একটা স্মৃতিস্তম্ভ করতে পারি। যেখানে শরনার্থী শিবির ছিল সেখানে ফলক করতে পারি।"
নেভাল কমান্ডো অপারেশন এক্স বা এনসিও (এক্স) ছিল 'অপারেশন জ্যাকপটের' অংশ, যার অধীনে মুক্তিবাহিনীর গোপন প্রশিক্ষণ এবং অস্ত্র সরবরাহ করা হয়।
১৯৭১ সালের অগাস্ট থেকে নভেম্বরের মধ্যে কমান্ডোরা এক লাখ টন শত্রু নৌযান ডুবিয়ে/অক্ষম করে দেয় এবং পূর্ব পাকিস্তানের বন্দরগুলি সম্পূর্ণরূপে অবরুদ্ধ করে।
অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশন জানায়, অপারেশন এক্স দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশ্বে পরিচালিত বৃহত্তম গোপন অভিযান।
বাংলা বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে নিজেদের মুক্তিযুদ্ধকালীন অভিজ্ঞতা তুলে ধরেন অপারেশন জ্যাকপটের নৌকমান্ডোদের দলনেতা কমডোর (অব.) আব্দুল ওয়াহেদ (এ ডব্লিউ) চৌধুরী বীর উত্তম, লে. কমান্ডার মোহাম্মদ জালাল উদ্দিন বীর উত্তম, ভারতীয় নৌবাহিনীর সাবেক কর্মকর্তা কমান্ডার ভি কে রায় যাদব।
অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, বইটির সহ লেখক সন্দীপ উন্নিথান বক্তব্য রাখেন।
