সোয়ারীঘাটের আগুন: কারখানা মালিকের নামে মামলা
পুরান ঢাকার সোয়ারীঘাটের রাবার শিট তৈরির কারখানার অগ্নিকাণ্ডে পাঁচ শ্রমিকের মৃত্যুর ঘটনায় ‘অবহেলাজনিত কারণে মৃত্যু সংঘটনের’ অভিযোগে মামলা হয়েছে।
রোববার রাতে চকবাজার থানায় করা মামলায় ‘রোমানা রাবার’ কারখানার মালিক রফিকুল ইসলামকে আসামি করা হয়েছে বলে জানান ওসি আব্দুল কাইউম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মামলায় বাদী হয়েছেন কিশোরগঞ্জের জসীম উদ্দিন। নিহত পাঁচজনের একজন তার ভাই শামীম মিয়া (৩৫) বলে তিনি দাবি করেছেন।
এজাহারে বলা হয়, মালিকের অবহেলার জন্য আগুন লাগার মত ঘটনা ঘটে।
বৃহস্পতিবার রাত সোয়া ১টা দিকে সোয়ারীঘাটের কামাল বাগে ‘রোমানা রাবার' নামের ওই কারখানায় আগুন লাগে।
অগ্নি নির্বাপক বাহিনীর আটটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পোড়া পাঁচজনকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পাঁচজনই ছিলেন ওই কারখানার শ্রমিক ছিলেন।
আত্মীয়-স্বজন শুক্রবার মিটফোর্ডের মর্গে হাজির হয়ে জানান, নিহতরা হলেন- মানিকগঞ্জের আমিনুর রহমান (৩০) ও কিশোরগঞ্জের শামীম মিয়া(৩৫), চাঁদপুরের মনির হোসেন (৩১), বরিশালের আব্দুর রহমান রুবেল (৩৫) ও শেরপুরের কামরুল ইসলাম (২২)।
পোড়া পাঁচজনের মৃতদেহ স্বাভাবিকভাবে চেনার উপায় নেই জানিয়ে পুলিশ বলছে, ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়া পর মৃতদেহ হস্তান্তর করা হবে।
সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার রোমানা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্তে ২১ থেকে ৩০ দিন লাগবে।
ঘটনার পর থেকে একমাত্র আসামি রফিকুল ইসলাম পলাতক রয়েছে বলে জানান লালবাগ বিভাগের পুলিশের উপ-কমিশনার জসিম উদ্দিন মোল্লা।
