২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার আইডিয়াল স্কুল ও কলেজের অধ্যক্ষকে দুদকে তলব

ঢাকার আইডিয়াল স্কুল ও কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগমের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পেয়ে অনুসন্ধান শুরুর তিন মাস পর তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2021, 04:42 PM

Updated : 02 Aug 2022, 06:33 PM

আগামী ১৫ নভেম্বর তাকে দুদকের সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে হাজির হতে সোমবার নোটিস পাঠানো হয়েছে।

নোটিসে বলা হয়েছে, নির্ধারিত সময়ে হাজির হয়ে বক্তব্য দিতে ব্যর্থ হলে অভিযোগে সংক্রান্ত বিষয়ে তার কোনো বক্তব্য নেই বলে গণ্য করা হবে।

ভর্তি বাণিজ্য, ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়সহ বিভিন্নভাবে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকেছে দুদক।

তার বিষয়ে অনুসন্ধান কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. আতাউর রহমান সরকার নোটিসটি পাঠিয়েছেন বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

গত অগাস্টের শেষ দিকে অধ্যক্ষ শাহান আরা বেগমের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক।

আইডিয়াল স্কুলের অধ্যক্ষকে নিয়ে অনুসন্ধানে দুদক  

ওই সময় দুদকের অনুসন্ধানের বিষয়ে জানতে চাইলে শাহান আরা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “তারা (দুদক) যেসব অভিযোগের কথা বলছে, এসব বিষয়ে তারা তদন্ত করে দেখবে যে এ ধরনের কিছু হয়েছে কি না।

“আর আমার বিষয়ে অবৈধ সম্পদের যে কথা বলা হচ্ছে, এ বিষয়ে আমার কথা হলো, আমার কোনো অবৈধ সম্পদ নেই।”

এর আগে গত বছরের নভেম্বরে শিক্ষার্থীদের কাছ থেকে ‘বিশেষ ক্লাসের’ নামে বাধ্যতামূলক অর্থ আদায়ের অভিযোগে পেয়ে আইডিয়াল স্কুল ও কলেজের বনশ্রী শাখায় অভিযান চালায় দুদকের একটি দল। ওই সময় অভিযোগের বিষয়ে প্রাথমিক তথ্য-উপাত্ত জব্দ করেছিল দুদক।

উত্তরপত্র ঘষামাজা: আইডিয়ালের অধ্যক্ষকে ‘শো-কজ’