২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ধিত ভাড়া ‘অন্যায্য’, বিকল্প প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির

জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাতে সরকার যে হারে পরিবহন ভাড়া বাড়িয়েছে তা প্রত্যাহার করে ‘ন্যায্য ও গ্রহণযোগ্য ভাড়া’ নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2021, 04:27 PM

Updated : 07 Apr 2022, 11:51 PM

‘বাস ও লঞ্চ মালিকদের দাবি মেনে’ বর্ধিত এই ভাড়াকে জনগণের ওপর ‘জুলুম’ হিসেবে বর্ণনা করে যাত্রী স্বার্থ রক্ষায় সংগঠনটি বলছে, এতে দেশের নিম্ন ও মধ্য আয়ের মানুষেকে ‘গভীর সংকটে’ ঠেলে দিয়েছে সরকার।

সোমবার রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলনে এ প্রতিক্রিয়া জানানো হয়।

সরকার ডিজেলের দাম এক ধাক্কায় ২৩ শতাংশ বাড়ানোর পর লঞ্চ ও বাস মালিকদের ধর্মঘটের মুখে রোববার রাত থেকে বাস ভাড়া ২৭ শতাংশ ও লঞ্চ ভাড়া ৩৫ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকারি সংস্থা বিআরটিএ ও বিআইডব্লিউটিএ।

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, বাস ও লঞ্চ মালিকদের ‘পাতানো ফাঁদে পা দিয়ে’ সরকার একচেটিয়াভাবে ভাড়া বাড়িয়ে দিয়েছে। যাত্রী প্রতিনিধি বাদ দিয়ে ভাড়া বাড়ানোর আলোচন হয়েছে।

“যাত্রীর স্বার্থ বিকিয়ে দিয়ে গলাকাটা ভাড়া নির্ধারণ দেশের নিম্ন ও মধ্য আয়ের জনসাধারণকে আরও একদফা গভীর সংকটে ঠেলে দিয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহানগরীতে যেভাবে বাস ভাড়া বাড়ানো হয়েছে তা জুলুম বলা চলে।”

এর আগে সিএনজির দাম বাড়ানোর পর ভাড়া যে একদফা বাড়ানোর হয়েছিল, তা উল্লেখ করে তিনি বলেন, তেলের দাম বাড়ানোর আবার ভাড়া বাড়ানো হলো; এতে যাত্রীসাধারণ চরমভাবে ক্ষতিগ্রস্ত হলো।

“তাই ঢাকা-চট্টগ্রাম মহানগরীর বর্ধিত বাস ভাড়া কার্যকরের আগে এখানে কি পরিমাণ বাস গ্যাসে চলে আর বাস তেলে চলে- তার সুরাহা হওয়া দরকার।”

বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১ টাকা ৬০ পয়সার বেশি ধরা কোনোভাবেই ‘ন্যায্য ও গ্রহণযোগ’ নয় বলে মনে করে যাত্রী কল্যাণ সমিতি।

এই প্রস্তাবের পক্ষে যুক্তি তুলে ধরে মোজাম্মেল অভিযোগ করেন, ভাড়া নির্ধারণে যেভাবে ব্যয় বিশ্লেষণ করা হয়েছে, তাতে পুরনো বাসকে নতুন বাস হিসেবে দেখানো হয়েছে; চালক-হেলপারদের বেতন ও বোনাস প্রদানের মিথ্যা তথ্য তুলে ধরা হয়েছে, ২০ বছরের পুরনো বাসেও ব্যাংক লোন দেখানো হয়েছে।

“এভাবে নানা খাতে অযৌক্তিক ও অস্বাভাবিক মূল্য বৃদ্ধি দেখিয়ে একলাফে ১ টাকা ৪২ পয়সার ভাড়া ১ টাকা ৮০ পয়সা করা হয়েছে।”

যাত্রী কল্যাণ সমিতির নেতার অভিযোগ, লঞ্চের ভাড়া বাড়ানোর ক্ষেত্রেও একই কৌশল নেওয়া হয়েছে। ব্যয়ে হিসাব ধরা হয়েছে ৩ থেকে ৪ কোটি টাকা দামের লঞ্চের ভিত্তিতে। অথচ এধরনের সংখ্যা মাত্র ৩০টির বেশি না।

মোজাম্মেল অভিযোগ করেন, গত একদশকে প্রভাবশালী মালিকদের নিয়ন্ত্রণে নৌপথে এসব দামী লঞ্চ যাত্রীসেবায় যুক্ত হয়েছে। এসব লঞ্চের ১৫০০ থেকে ২০০০ যাত্রী বহনের সক্ষমতা রয়েছে। এ ধরনের কোটি টাকার লঞ্চ চালাতে লক্ষ টাকা খরচ হয়।

“এসব বড় লঞ্চের খরচকে ব্যয় বিশ্লেষণে এনে ভাড়া নির্ধারণ করে দেশের লক্ষ লক্ষ নৌকা, ডিঙ্গি নৌকা, ও ছোট লঞ্চ, ট্রলারের ভাড়া বৃদ্ধি করার কারণে যাত্রীর স্বার্থ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সাশ্রয়ী নৌপথের ভাড়া ক্রমশ সড়ক পথের দ্বিগুণ হয়েছে।”

লঞ্চের বর্ধিত ভাড়া প্রত্যাহার করে ১৫০০ থেকে ২০০০ যাত্রীধারণ সক্ষমতার বড় লঞ্চের ভাড়া কিলোমিটার প্রতি ১ টাকা ৮০ পয়সা এবং ১৫০ থেকে ৫০০ যাত্রীধারণ সক্ষমতার ছোট নৌকা, ডিঙ্গি নৌকা, লঞ্চ ও ট্রলারের ভাড়া ১ টাকা ২০ পয়সা নির্ধারণের প্রস্তাব করেছে যাত্রী কল্যাণ সমিতি।

সংগঠনের উপদেষ্ঠামণ্ডলী সদস্য শরিফুজ্জামান শরিফ, সহ-সভাপতি তাওহীদুল হক লিটন, যুগ্ম মহাসচিব এম. মনিরুল হক ও প্রচার সম্পাদক আনোয়ার হোসেন সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।