পরিবহন ধর্মঘট: পথে পথে দুর্ভোগে অফিসযাত্রীরা
ডিজেলের দাম বাড়ানোর প্রতিবাদে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা লাগাতার ধর্মঘটের তৃতীয় দিনে অফিস আদালত খোলা থাকায় পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে।
রোববার সকালে পথে নেমে যানবাহন না পেয়ে অফিসগামী যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।
রাজধানীর সড়কগুলোতে প্রচুর প্রাইভেট কার, অটোরিকশা, মোটার সাইকেল ও রিকশার ভিড় থাকলেও আগের দুদিনের মত বাস বন্ধ থাকায় মোড়ে মোড়ে দেখা গেছে যানবাহনের অপেক্ষায় থাকা মানুষের ভিড়।
অনেকে দফায় দফায় যানবাহন পাল্টে, কেউ কেউ পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। উপায়ন্তর না দেখে ব্যক্তিগত গাড়ি থামিয়েও ওঠার চেষ্টা করতে দেখা যায় যাত্রীদের।
তখন থেকেই নগরপরিবহন ও দূরপাল্লার বাসের পাশাপাশি পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শনিবার থেকে লঞ্চও বন্ধ রাখা হয়েছে। ফলে ট্রেনের ওপর পড়ছে প্রচণ্ড চাপ।
ধর্মঘটের প্রথম দুদিন ছিল শুক্র ও শনিবার, সাপ্তাহিক ছুটি। ফলে রাস্তায় মানুষের চাপ ছিল কম। কিন্তু জরুরি প্রয়োজনে যাদের বের হতে হয়েছে, ভুগতে হয়েছে তাদের।
ধর্মঘট শুরুর পর রোববার প্রথম কর্মদিবসের সকালে ঢাকার রাস্তায় নেমেছে প্রচুর প্রাইভেট কার। তার সঙ্গে মোটর সাইকেল আর রিকশার চাপে এয়ারপোর্ট রোড, বনানী, মহাখালী, গুলশান এলাকায় সড়কে দেখা যায় যানজট।
কাকরাইল, বিজয়নগর, তোপখানা রোড, শাহবাগ, বাংলা মোটর, ফার্মগেইট সড়কেও যানবাহন চলছিল থেমে থেমে।
বাস বন্ধ থাকায় অটোরিকশা, রিকশা ও ভাড়ার মোটরসাইকেলে আগের দুদিনের মতই বেশি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। অনেকে রিকশা ভ্যানে চেপেও গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।
বাদ পড়াদের একজন কেফায়েত উল্লাহ অনেকটা বিরক্তি নিয়ে বলেন, “কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি এইসব আর বলতে ভালো লাগে না। কারো কথায় কোনো নিউজে এই ভোগান্তি কমবে না। উনারা যখন চাইবেন তখনই ধর্মঘট বন্ধ হবে।”
মিরপুর হার্ট ফাউন্ডেশনের সামনে থেকেও একই কায়দায় অটোরিকশা ও প্রাইভেট কার থামিয়ে বিভিন্ন গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন অনেকে।
মিরপুর ১০, আগারগাঁও, শ্যামলী, কল্যাণপুরসহ এসব এলাকায় ফুটপাতগুলো ধরে প্রচুর মানুষকে হেঁটে যেতে দেখা যায়।
এক আত্মীয়কে সঙ্গে নিয়ে ফরিদপুরে যাওয়ার জন্য শ্যামলীর ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের সামনে অপেক্ষা করছিলেন শফিকুল ইসলাম।
তিনি জানান, ফরিদপুর থেকে তার এক আত্মীয় ভাড়ায় চালিত গাড়ি নিয়ে ঢাকায় আসবেন। সেই গাড়িতে ফিরতি যাত্রায় তারা ফরিদপুরে যাবেন। তার সঙ্গে যে আত্মীয়া রয়েছেন, বাড়িতে তার মেয়ের পরীক্ষা চলছে। সে কারণে ধর্মঘটের মধ্যেই তাড়াহুড়ো করে যেতে হচ্ছে।
মিরপুরের কালশী মোড়ে ঘণ্টাখানেক দাঁড়িয়ে থেকে একটি প্রাইভেট কারে উঠতে পেরেছেন তানজিনা রহমান।
তিনি জানান, সময় হাতে নিয়ে বের হয়েও রাস্তায় গাড়ি না পাওয়ায় অফিসে পৌঁছাতে দেরি হয়ে যাবে তার।
“বাস নাই, ভাবলাম আজকে রাস্তা ফাঁকা থাকবে। কিন্তু রাস্তায় বের হয়ে উল্টো পরিস্থিতি দেখলাম।”
উত্তরা থেকে অফিস করতে আসা খাদ্য মন্ত্রণালয়ের কর্মচারী আব্দুর রহমান বললেন, “সকাল থেকে চিন্তায় ছিলাম কীভাবে সচিবালয়ে আসব। শেয়ার করে অটোরিকশায় আসলাম, চারজন ছিলাম, জনপ্রতি ২০০ টাকা নিল।”
আজিমপুর থেকে আসা সিদ্দিকুর রহমান জানালেন, অন্যদিন ৬০ টাকা ভাড়া দিলেও ধর্মঘটের কারণে ১০০ টাকা দিতে হয়েছে তার।
উত্তরায় অফিস ধরতে সকালে আজিমপুর থেকে রওনা হন আবদুর রহমান। বিআরটিসির বাস না পাওয়ায় ৫৫০ টাকায় ভাড়ায় চালিত মোটরসাইকেলে উঠতে বাধ্য হয়েছেন তিনি।
শ্যামলী শিশু হাসপাতালের সামনে দাঁড়িয়েছিলেন সাতক্ষীরার দিনমজুর আসান গাজী। নতুন বাজার এলাকায় একটি রাস্তা নির্মাণের কাজ করছিলেন তিনি। কাজ শেষ হয়ে যাওয়া এখন সাতক্ষীরায় বাড়িতে ফিরতে গিয়ে ধর্মঘটে বিপাকে পড়েছেন।
এদিকে পরিবহন ভাড়া পুনর্নির্ধারণে বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে বসেছেন মালিক সমিতির প্রতিনিধিরা।
আর বিকাল ৩টায় মতিঝিলের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যালয়ে লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। জ্বালানি তেলের দাম বাড়ায় লঞ্চের ভাড়া বাড়িয়ে দ্বিগুণ করার দাবি তুলেছে লঞ্চ মালিক সমিতি।
