শ্যামাপূজার সন্ধ্যায় মুখ বেঁধে প্রতিবাদ, দীপ জ্বেলে শোক
শারদীয় দুর্গা পূজার সময় দেশের বিভিন্ন জেলায় হিন্দুদের ওপর সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে দীপাবলি বর্জন করে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ হল শ্যামাপূজার মণ্ডপে মণ্ডপে।
তবে রমনা কালী মন্দিরে প্রদীপ জ্বললো ঠিকই, দেবীর প্রতি প্রণতির পাশাপাশি সেই প্রদীপের আলোয় মিশে থাকল নিহতদের জন্য শোক।
সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটি এবারের শ্যামাপূজায় দীপাবলি বর্জনের ডাক দিয়েছিল। তাদের উদ্যোগেই রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের সামনে বৃহস্পতিবার সন্ধ্যায় মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানানো হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, এ বছর প্রায় পঞ্চাশ হাজার মণ্ডপে শ্যামাপূজার আয়োজন করা হয়েছে। প্রতিবাদ কর্মসূচিও পালিত হয়েছে সব মণ্ডপেই।
সংগঠনটির সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আমাদের এই কর্মসূচি। আমরা যারা দেশকে যারা ভালোবাসি, তাদের অবশ্যই এ সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে এগিয়ে আসতে হবে।“
অনেক মণ্ডপে দীপাবলী বর্জন করা হলেও তিনশ বছরের পুরনো রমনা কালী মন্দিরে সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে সাম্প্রদায়িক হামলায় নিহতদের স্মরণ করা হয়।
পুরোহিত জানান, রাত ১২টা ১ মিনিটে পূজা শুরু হবে। রাত ৩টা ৩০ মিনিটে হবে পুষ্পাঞ্জলি। ভোর ৪টায় আরতি শেষে প্রসাদ বিতরণ করা হবে।
শ্যামা পূজার আয়োজনে রমনা কালী মন্দিরের চারপাশে নানা চিত্রকর্মে সাম্প্রদায়িক হামলার চিত্রও তুলে আনা হয়েছে।
রমনা কালী মন্দির পরিচালনা পরিষদের সভাপতি উৎপল সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, চিত্রকর্মের পাশাপাশি দীপাবলী আয়োজনের মধ্য দিয়েই সহিংসতার প্রতিবাদ করছেন তারা।
“শারদীয় দুর্গা উৎসব চলাকালে বেশ কিছু মণ্ডপে সহিংসতার ঘটনা ঘটেছে। আয়োজনের মধ্যেই প্রতিবাদ রেখেছি। আমরা চেয়েছি, রমনা কালী মন্দিরে মাকে পূজা দেওয়ার সুযোগ থেকে কেউ যেন বঞ্চিত না হয়। প্রতিবাদের মাধ্যমে আমরা সম্প্রীতির ডাক দিয়েছি। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে একসঙ্গে উৎসব পালন করতে চাই। সেই জায়গা থেকে দীপাবলীতে প্রদীপ প্রজ্জ্বলন করেছি।”
উৎপল সাহা জানান, দীপাবলীতে সাম্প্রদায়িক হামলায় নিহতদের স্মরণ করা হয়েছে। সহিংসার প্রতিবাদে শুক্রবার রমনা কালী মন্দিরে গানের আয়োজনও থাকবে।
হরিচাঁদ চক্রবর্তী বলেন, “দীপাবলীতেই শত্রুকে বিনাশ করতে ধরাধামে এসেছিলেন মা। প্রদীপের রশ্মিতেই অসুর বধ করে বিশ্বের সৃষ্টিকে রক্ষা করেন। প্রদীপের জ্যোতিতেই অশুভ শক্তি দূরে চলে যাক।”
বুধবার সন্ধ্যায় অধিবাসের মধ্যে দিয়ে শ্যামা মাকে বরণ করে নেন সনাতন ধর্মাবলম্বী নারীরা।
বাঙালি হিন্দুদের বিশ্বাস, দীপাবলির এই দিনে বিষ্ণুর বামন অবতার অসুর বলিকে বধ করে। ভালোবাসা ও জ্ঞানের শিখা প্রজ্বলিত করতে অসুর বলিকে পৃথিবীতে এসে অযুত অযুত প্রদীপ জ্বালানোর অনুমতি দেওয়া হয় দীপাবলীর এ দিনে।
জগতের সকল অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয় কামনায় বৃহস্পতিবার সন্ধ্যায় রমনা কালী মন্দিরে দীপাবলি উৎসবে প্রদীপ প্রজ্জ্বালন করে সনাতন ধর্মাবলম্বীরা। ছবি: কাজী সালাহউদ্দিন রাজু
কথিত আছে, ত্রেতা যুগে দীপাবলির দিনে রামচন্দ্র রাবণ বধ করে চৌদ্দ বছরের বনবাস শেষে অযোধ্যায় প্রত্যাবর্তন করেন। রামের চৌদ্দ বছর পরের প্রত্যাবর্তনে সারা রাজ্যজুড়ে প্রদীপ জ্বালানো হয়, রাজ্যজুড়ে বাজি উৎসব করেন প্রজারা।
দীপান্বিতা তিথিতে হিন্দুরা ঘরে ঘরে মাটির প্রদীপ জ্বালেন। এই প্রদীপ জ্বালানো অমঙ্গল বিতাড়নের প্রতীক। বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে সারা রাত প্রদীপ জ্বালিয়ে রাখলে ঘরে লক্ষ্মী আসেন বলে হিন্দুরা বিশ্বাস করেন। অমঙ্গল বিতাড়নের জন্য আতশবাজি পোড়ানো হয়।
দীপান্বিতার দুদিন পরেই ‘ভ্রাতৃ দ্বিতীয়া’ বা ‘ভাইফোঁটা’, একে ‘যমদ্বিতীয়া’ও বলা হয়।
হিন্দু পুরাণ মতে, এ দিনে নরকাসুর নামে এক দৈত্যকে বধ করার পর যখন কৃষ্ণ তার বোন সুভদ্রার কাছে আসেন তখন সুভদ্রা তার কপালে ফোঁটা দিয়ে তাকে মিষ্টি খেতে দেন। সেই থেকে ভাইফোঁটা উৎসবের প্রচলন হয়। এদিন ভাইদের মঙ্গল কামনায় বোনেরা তাদের কপালে চন্দনের ফোঁটা দিয়ে থাকেন।
