‘ব্লু ইকোনমি’ বাস্তবায়নে নৌবাহিনীর আরও সক্রিয়তা চান রাষ্ট্রপতি
দেশের ব্লু ইকোনমির কার্যক্রম বাস্তায়নসহ মানব পাচার, চোরাচালান রোধ ও জেলেদের নিরাপত্তা নিশ্চিতসহ বিভিন্ন কাজে নৌবাহিনীর সদস্যদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বৃহস্পতিবার এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি নৌবাহিনীর সদস্যদের উদ্দেশে বলেন, “প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ বিশাল সমুদ্রের উপর আমরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অনেকটা নির্ভরশীল। এ কারণে জাতীয় ও অর্থনৈতিক উন্নয়নে সমুদ্র এলাকায় উন্নয়নবান্ধব পরিবেশ বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ।
“সেই সাথে সমুদ্র ও উপকূলীয় এলাকায় মানব পাচার, চোরাচালান রোধ, জেলেদের নিরাপত্তা বিধান, বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণসহ দেশের ব্লু ইকনোমি’র বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন ও সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে নৌবাহিনীর প্রতিটি সদস্যকে আরো দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে।”
বানৌজা শহীদ মোয়াজ্জমকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান (জাতীয় পতাকা) অনুষ্ঠানে বঙ্গভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে রাষ্ট্রপতি একথা বলেন।
রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত নৌ-বাহিনীর এই ঘাঁটির নামকরণ করা হয়েছে, ‘স্বাধীনতা পুরস্কার’ বিজয়ী আগরতলা ষড়যন্ত্র মামলার দুই নম্বর আসামি লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জম হোসেনের নামে।
অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আবদুল হামিদ নৌ সদস্যদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “বিশাল সমুদ্র আপনাদের কর্মক্ষেত্র। আপনাদের পেশায় যেমন আছে চ্যালেঞ্জ, তেমনি আছে বিশালতার আহ্বান। দেশের অর্থনীতিকে সচল রাখা এবং সমুদ্রে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা প্রদানসহ সমুদ্র সম্পদকে কাজে লাগানোর পরিবেশ তৈরি ও সুরক্ষার গুরুদায়িত্ব আপনাদের উপরই ন্যস্ত।
নৌবাহিনীর উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, সরকার নৌবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণের পাশাপাশি যুগোপযোগী প্রশিক্ষণ ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলাসহ সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে দেশি-বিদেশি কর্মকর্তা ও নাবিকসহ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রযুক্তিগত ও পেশাগত প্রশিক্ষণ প্রদানে বানৌজা শহীদ মোয়াজ্জম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
নৌবাহিনীর সদস্যদের দেশের জন্য যে কোনো ত্যাগ স্বীকারের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, “আপনাদের মনে রাখতে হবে, আপনারা এদেশেরই সন্তান। তাই দেশের মানুষের সুখে-দুঃখে তাদের পাশে থাকতে হবে। দেশ ও দেশের মানুষকে ভালবাসতে হবে। ‘সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয়’ বঙ্গবন্ধু অনুসৃত এটাই আমাদের পররাষ্ট্র নীতির মূলমন্ত্র। আমরা শান্তিপ্রিয় জাতি। আমরা শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী।
“আমরা সবার সাথে বন্ধুত্ব চাই। কিন্তু আত্মমর্যাদা ও আত্মরক্ষায় আমরা আপসহীন। তাই দেশের সার্বভৌমত্বের পাশাপাশি আত্মমর্যাদা রক্ষায় নৌবাহিনীর প্রতিটি সদস্যকে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। আধুনিক রণকৌশল ও তথ্য প্রযুক্তিতেও নিজেদের দক্ষ ও পারদর্শী হিসেবে গড়ে তুলতে হবে।”
নৌবাহিনীল সদস্যরা সর্বোচ্চ পেশাদারি মান বজায় রাখবে এই আশা করে আবদুল হামিদ বলেন, “আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় বানৌজা শহিদ মোয়াজ্জমসহ নৌবাহিনীর প্রতিটি সদস্যকে আরো সুচারুরূপে ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি সর্বোচ্চ পেশাদারি মান বজায় রাখতে হবে। উপযুক্ত নেতৃত্ব, সঠিক দিক-নির্দেশনা এবং বাহিনীর সকল সদস্যের নিষ্ঠা, একাগ্রতা ও ধারাবাহিক প্রচেষ্টায় নৌবাহিনী আগামী দিনগুলোতে সাফল্যের ধারা অব্যাহত রাখবে।”
অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবালও বক্তব্য রাখেন। রাষ্ট্রপতির পক্ষে নৌবাহিনী প্রধান বানৌজা মোয়াজ্জেমকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড দেন।
