সুলতানের শিল্পকর্ম সংরক্ষণ-গবেষণায় সহায়তা দেবে যুক্তরাষ্ট্র
শিল্পী এসএম সুলতানের শিল্পকর্মের সংরক্ষণ ও গবেষণায় একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে; যাতে আর্থিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র সরকার।
মঙ্গলবার ধানমণ্ডির বেঙ্গল শিল্পালয়ে প্রকল্পটির উদ্বোধন করেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার ও বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা।
যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়, শিল্পী সুলতানের শিল্পকর্ম নিয়ে গবেষণা, বিশ্লেষণের পাশাপাশি তার চিত্রকর্মগুলো পুনরুদ্ধার করা হবে।
”মূল্যবান এ শিল্পকর্মগুলো পুনরুদ্ধারের মাধ্যমে প্রকল্পটি বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে সামষ্টিক বোঝাপড়া বাড়াতে সহায়তা করবে এবং ভবিষ্যত্ প্রজন্মের জন্য এ শিল্প ও ইতিহাস সংরক্ষণ করবে।”
তিন বছর মেয়াদি এ উদ্যোগে অর্থায়ন করা হবে যুক্তরাষ্ট্র সরকারের অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন (এএফসিপি) থেকে।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত মিলার আনুষ্ঠানিকভাবে প্রকল্পের ঘোষণা দেওয়ার জন্য বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরীর হাতে ঘোষণাফলক তুলে দেন।
পাশাপাশি বেঙ্গল গ্যালারিতে চলমান সুলতানের কয়েকটি বিখ্যাত শিল্পকর্মের প্রদর্শনী ঘুরে দেখেন তিনি।
দূতাবাস জানিয়েছে, গত ২০ বছরে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও উত্তরাধিকার সংরক্ষণ ও পুনরুদ্ধারমূলক ১২টি এএফসিপি প্রকল্পে ৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলারের বেশি আর্থিক সহায়তা দিয়েছে।
এর মধ্যে লালবাগ দুর্গের মোঘল হাম্মাম খানা সংস্কার ও পুনরুদ্ধার; বরেন্দ্র গবেষণা জাদুঘরের সংগ্রহকে সমৃদ্ধ করা ও জনসাধারণের জন্য উম্মুক্ত করা; বাউল গান ও সাংস্কৃতিক ঐতিহ্য, জামদানি বুনন পদ্ধতি এবং দুই হাজার বছরের পুরনো ধাতব ঢালাই কৌশলের উপর তথ্যচিত্র তৈরি ও সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ রয়েছে।
