ইউপি ভোটের সহিংসতায় ‘বিব্রত’ সিইসি
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় ‘অস্বস্তিতে’ থাকার কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, গোলযোগ এড়াতে রাজনৈতিক দলগুলোরও ‘সক্রিয় ভূমিকা’ থাকা দরকার।
মঙ্গলবার বিকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের যে অনেকগুলো ঘটনা ঘটে গেছে, তাতে আমরা বিব্রত,… সেটা নিয়ন্ত্রণের জন্য আমরা কমিশনারদের সাথে বিস্তারিত আলোচনা করে মাঠপর্যায়ে যারা জড়িত তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেব।”
ইউপি নির্বাচনের প্রথম ধাপে ২১ জুন ২০৪টি ইউপি এবং ২০ সেপ্টেম্বর ১৬০টি ইউপির ভোট হয়। সে সময় বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন গোলযোগ ঘটে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের সংঘাতে প্রাণহানিও হয়।
এ নির্বাচনের দ্বিতীয় ধাপে ৮৪৮ ইউপির ভোট হবে ১১ নভেম্বর। তৃতীয় ধাপে ১০০৭ ইউপির ভোট হবে ২৮ নভেম্বর। এ দুই ধাপের পরিস্থিতি যাতে ভালো থাকে, সেজন্য বৃহস্পতিবার আইন শৃঙ্খলা বিষয়ক বৈঠক করবে নির্বাচন কমিশন।
সিইসি নূরুল হুদা বলেন, “নির্বাচনের ব্যাপারে মাঠপর্যায়ে কী ধরনের নির্দেশনা দেওয়া দরকার সেটি নিয়ে চিন্তাভাবনা করছি। আমরা আশা করি, আগামী ৪ নভেম্বর বৈঠকে বিস্তারিত আলোচনা করব।”
গোলযোগের ‘কিছু ঘটনায়’ বিব্রত হওয়ার কথা জানালেও সার্বিকভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে রয়েছে’ বলে দাবি করেন সিইসি।
তিনি বলেন, “যারা ভোটে অংশ নেন- প্রার্থী, ভোটার, সবার সম্মিলিত প্রচেষ্টায় নির্বাচন সুষ্ঠু হয়। কিন্তু যতই উদ্যোগ নিই না কেন, মাঠপর্যায়ে যদি সহনশীলতা না থাকে তাহলে সম্ভব হয় না।
“আমরা বারবার বলি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, প্রতিযোগিতামূলক হবে, কিন্তু প্রতিহিংসামূলক হবে না। আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই, মাঠপর্যায়ে নির্বাচনে যে সহিংসতা বৃদ্ধি পেয়েছে সেটা সকলের চেষ্টায় নিয়ন্ত্রণে রাখা যাবে।”
ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ভোট হচ্ছে দলীয় প্রতীকে। নির্বাচন ঘিরে সহিংতা এড়াতে রাজনৈতিক দলগুলোর ভূমিকা প্রত্যাশা করলেও ‘খুব ইতিবাচক কিছু’ দেখছেন না বলে জানালেন সিইসি।
তিনি বলেন, “আমরা খুব পজিটিভ দেখছি না, দুঃখজনক হলেও এটা সত্যি। এই সমস্ত ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সক্রিয় ভূমিকা থাকা দরকার। নির্বাচনের বিষয়টি শুধু নির্বাচন কমিশনের না, এটা সকলের। আমরা শুধু ব্যবস্থাপনায় থাকি। সুতরাং তারা আরো প্রো-অ্যাকটিভ যদি হয়, তাহলে এগুলো আরো কমে।”
শরিয়তপুরে কয়েকজন প্রার্থীর স্বাক্ষর জাল করে প্রার্থিতা প্রত্যাহার করার অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান সিইসি।
তিনি বলেন, এ বিষয়ে কমিশনের একজন যুগ্ম-সচিবকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পেলে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
