স্কুলশিক্ষার্থীদের টিকাদান: স্বস্তির টিকায় ‘দেরির অস্বস্তি’
কোভিড টিকা নিতে স্কুলে এসে দীর্ঘক্ষণ অপেক্ষার যন্ত্রণা পোহালেও ভাইরাসের ভয় কাটাতে ‘স্বস্তি’ নিয়েই বাড়ি ফিরেছেন স্কুলশিক্ষার্থীরা।
সাত সকালে লম্বা লাইনে দাঁড়ানোর অস্বস্তি ছাপিয়ে টিকা নেওয়ার পর স্কুল ছাড়ার আগে ভাইরাসকে দূরে রাখতে আরও সাহস পাওয়ার কথাই প্রকাশ পেয়েছে তাদের কথায়।
মঙ্গলবার রাজধানীর আটটি স্কুল কেন্দ্রে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়। প্রতি কেন্দ্রের জন্য দুই হাজার চারটি টিকা বরাদ্দ ছিল।
বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, এদিন অনেক কেন্দ্রেই টিকা দেওয়া শুরু হয়েছে দেরিতে। শিক্ষার্থীরা সকাল থেকে অপেক্ষায় ছিলেন। যথাসময়ে কেন্দ্রগুলোতে টিকা এসে না পৌঁছানোতে এক পর্যায়ে শিক্ষার্থীদের ভিড় জমে যায়।
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা, প্রশ্ন তুলেছেন শিক্ষকরা। অসন্তোষের কথাও বলেছেন কেউ কেউ।
আর টিকা পেতে দেরি হওয়ায় লাইনে দাঁড়িয়ে গল্প গুজব করেই সময় কাটিয়েছেন শিক্ষার্থীরা। টিকা প্রত্যাশী এসব কিশোর কিশোরীদের বেশির ভাগের মুখেই ছিল মাস্ক।
শেষ পর্যন্ত দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পর টিকা পেয়ে হাসিমুখেই ভুলেছেন অপেক্ষার সেই ক্লান্তিকে।
ঢাকায় স্কুলশিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকাদানের উদ্বোধনের পরদিন মঙ্গলবার মালিবাগের সাউথ পয়েন্ট স্কুলে টিকা নিতে শিক্ষার্থীদের ভিড়।
স্কুল শিক্ষার্থীদের টিকাদানের ক্ষেত্রে এমন কিছু বিষয় ছাড়া দ্বিতীয় দিন ভালোই কেটেছে।
জানতে চাইলে মঙ্গলবার এক অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, “আজকে টিকাদানের প্রথম দিন। প্রথম দিনে সবকিছু পারফেক্ট হয়ে যাবে এমনটা আমরা বলি না। যেখানে যে অসুবিধাটুকু আছে, সেটা আমরা দূর করে ফেলব।”
মহামারী থেকে সুরক্ষা পেতে দেশে সোমবার থেকে রাজধানীতে স্কুলশিক্ষার্থীদের টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রথম দিন টিকা দেওয়া হয় ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুলে।
দ্বিতীয় দিন আটটি স্কুলে একযোগে টিকা দেওয়া শুরু হয়েছে। সকাল ৯টায় এ কর্মসূচি শুরুর কথা থাকলেও যথাসময়ে টিকা না আসায় কিংবা কোথাও সার্ভারের কর্মীরা না আসায় বেশির ভাগ কেন্দ্রেই তা করা যায়নি।
ফলে সকালে কেন্দ্রে কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে শিক্ষার্থীদের।
মঙ্গলবার সকালে ঢাকা কমার্স কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, কলেজের বাইরে অভিভাবকরা সন্তানদের অপেক্ষায় রয়েছেন। তারা জানান, দীর্ঘ সময় ধরে টিকার জন্য অপেক্ষা করতে হচ্ছে শিক্ষার্থীদের।
এক শিক্ষার্থীর অভিভাবক ঝর্ণা আক্তার জানান, টিকা পেতে তিন ঘন্টা অপেক্ষা করতে হয়েছে তার ছেলেকে।
“টিকা নিতে অনেক সময় লেগেছে। তবে সমস্যা হচ্ছে ও তো পরীক্ষার্থী, কিছুটা সময় নষ্ট হল। এই আর কি। এছাড়া তেমন কোনো সমস্যা হয়নি।”
এই কেন্দ্রে বেলা ১২টায় টিকা নেওয়ার কথা থাকলেও পৌনে ২টায় টিকা পেয়েছেন বিসিআইসি কলেজের এসএসসি পরীক্ষার্থী মোবাশ্বেরা মৌলি। তিনি বলেন, “টিকা দেয়া শুরু হয়েছে দেরিতে। তাই আগে যারা ছিল, তাদের শেষ হওয়ার পর আমরা টিকা পেয়েছি।”
তবে টিকা পেয়ে বেশ আত্মবিশ্বাসী মৌলি।
“আমরা তো ভাবিইনি টিকা পাব। যেহেতু স্কুল শুরু হয়ে গেছে। সামনে পরীক্ষা। তাই কিছুটা ভয় কাজ করছিল। কিন্তু টিকা পেয়ে এখন আর ভয় লাগছে না। মনে হচ্ছে করোনার সাথে ফাইট করতে পারব।”
ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ ড. মো. আবু মাসুদ জানান, সকাল ৯টায় টিকাদান শুরু কথা থাকলেও দুই ঘন্টা দেরিতে তা শুরু হয়েছে।
এই কেন্দ্রে ১ হাজার ৯৯২ জন শিক্ষার্থী টিকা পেয়েছেন বলে জানান তিনি।
দেরির পাশাপাশি টিকা শেষ হয়ে যাওয়ায় এই কেন্দ্রে টিকা না পেয়ে ১০০ জন শিক্ষার্থীকে ফিরে যেতে হয়েছে।
সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের মালিবাগ শাখার অধ্যক্ষ কর্নেল (অব.) শামসুল আলম জানান, যেভাবে শৃঙ্খলতার সঙ্গে তারা সময় অনুযায়ী টিকা দিতে চেয়েছিলেন, তা দেওয়া যায়নি। দেরিতে শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু করায় ভিড় বেড়ে গেছে।
“যারা টিকা নিয়ে এসেছে তারা সকাল ৯টায় এসেছে। কিন্তু যারা সার্ভারে কাজ করে, তারা এসেছে পৌনে ১০টায়। এ কারণে সাড়ে ১০টার আগে কাউকে টিকা দেওয়া যায়নি।
“সোজা কথায় আমরা যেভাবে ম্যানেজ করতে চেয়েছিলাম, সেভাবে আমরা পরিনি। শিক্ষার্থীদের সংখ্যা বাড়তে থাকলেও টিকা দেরিতে দেওয়ায় ভিড় বেড়েই যাচ্ছিল। কাল থেকে হয়ত এটা হবে না।
“আমরা স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি, তারা বলেছে ব্যবস্থা নেবে।”
তার স্কুলের কেন্দ্রে দুই হাজার চারজন শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশে ৪০ বছরের বেশি বয়সীদের মাধ্যমে গণটিকাদান শুরু করেছিল বাংলাদেশ।
গত ১৪ অক্টোবর মানিকগঞ্জের কয়েকটি স্কুলের ১২ জন শিক্ষার্থীকে পরীক্ষামূলকভাবে ফাইজারের টিকা দেওয়া হয়।
করোনাভাইরাস মহামারীর কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর সীমিত পরিসরে খুলে দেওয়া হয় স্কুল। যদিও সব শ্রেণির শিক্ষার্থীদের এখন প্রতিদিন একসঙ্গে ক্লাস হয় না। এরপরও তাদের টিকা দেওয়া নিয়ে আলোচনা ছিল।
পরে সোমবার ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুলে আনুষ্ঠানিকভাবে ১২ থেকে ১৭ বছর বয়সীদের টিকাদান শুরু হয়। ওই দিন দুই হাজার শিক্ষার্থী টিকা পায়।
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম জানান, শিক্ষার্থীদের টিকাদানের দ্বিতীয় দিনে দুই হাজার টিকা দেওয়ার কথা থাকলেও এর চেয়ে কম শিক্ষার্থী পেয়েছেন।
সকাল পৌনে ১০টায় টিকাদান শুরু করে আড়াইটায় তা শেষ হয়েছে বলে জানান তিনি।
মিরপুর ১৩ নম্বরের স্কলাসটিকা স্কুল কেন্দ্রেও টিকাদান শুরু হয়েছে দেরিতে, সেকারণে শিক্ষার্থীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে।
এ কেন্দ্রে গিয়ে দেখা যায়, অধিকাংশ শিক্ষার্থী সময়ের চেয়ে দেড় থেকে দুই ঘন্টা দেরিতে টিকা পেয়েছেন।
টিকা নিতে আসা দশম শ্রেণীর শিক্ষার্থী মইনুল আহসানের বাবা মাহামুদুজ্জামান জানান, পৌনে দুই ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তার ছেলে টিকা পেয়েছেন।
“ওরা ভেতরে গিয়েছে দেড়টায়, বেরিয়েছে সোয়া তিনটায়। লাইনে দাঁড়িয়ে ছিল প্রায় দুই ঘন্টা। টাইমলি টিকা পেলে আরও ভালো লাগত।”
আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আকিফ ইসলাম জানান, টিকা পেতে অপেক্ষা করা ছাড়া তেমন কোনো সমস্যা হয়নি তার।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টিকা নিলাম। কোনো সমস্যা হয়নি। একটু ভিড় ছিল।”
টিকা পেয়ে বেশ খুশি আকিফ।
“যেহেতু আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। তাই টিকাটা আমাদের জন্য দরকার ছিল। টিকা পেয়ে খুব ভালো লাগছে।”
আদমজী ক্যান্টনমেন্ট কলেজের এসএসসি পরীক্ষার্থী জয় কিছুটা দেরিতে টিকা পেলেও তার কোনো অভিযোগ নেই।
নিবন্ধন ও কেন্দ্র
টিকা পেতে স্কুল শিক্ষার্থীদের সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হচ্ছে; তারপর মোবাইল এসএমএসের মাধ্যমে টিকা নেওয়ার তারিখ ও টিকাদান কেন্দ্রের নাম জানানো হবে। টিকা নেওয়ার সময় টিকা কার্ড প্রিন্ট করে নিয়ে যেতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সহায়তায় ঢাকায় আটটি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। সেখান থেকে সংশ্লিষ্ট এলাকার অন্য সব স্কুলের শিক্ষার্থীদেরও টিকা দেওয়া হবে।
এগুলো হল- বসুন্ধরা আবাসিক এলাকার হার্ডকো স্কুল, মালিবাগের সাউথ পয়েন্ট স্কুল, গুলশানের চিটাগাং গ্রামার স্কুল, মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজ, মিরপুরের ঢাকা কমার্স কলেজ, ধানমণ্ডির কাকলী স্কুল, উত্তরার সাউথ ব্রিজ স্কুল এবং মিরপুরের স্কলাস্টিকা স্কুল।
আরও পড়ুন
