২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভয়কে জয় করে স্কুলে ফেরার আশা টিকা পাওয়া শিক্ষার্থীদের

শুরুতে একটু দ্বিধা ছিল নবম শ্রেণির তাসমিম ফাতিমার, তবে মনের একটা অংশ উৎসাহও দিচ্ছিল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2021, 09:43 PM

Updated : 10 Oct 2022, 06:21 PM

করোনাভাইরাসের টিকা নেওয়ার পর ভয় দূর হয়েছে তার, সেই সঙ্গে আশাও জাগছে- একদিন হয়ত আবার সব স্বাভাবিক হবে।

দেশে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকাদানের প্রথম দিন যে দুই হাজার কিশোর কিশোরী ফাইজারের টিকার প্রথম ডোজ পেয়েছে, ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুলের তাসমিম ফাতিমা তাদের একজন।

শিক্ষামন্ত্রী দীপু মনি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক সোমবার সকালে এই টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রথম দিন আইডিয়াল স্কুলের ষষ্ঠ ও নবম শ্রেণির দুই হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়। বেলা ১২টা পর্যন্ত বালিকাদের টিকা দিয়ে পরে ৩টা পর্যন্ত দেওয়া হয় বালকদের।

করোনাভাইরাস মহামারীর কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর সীমিত পরিসরে খুলে দেওয়া হয় স্কুল। সব শ্রেণির শিক্ষার্থীদের এখন প্রতিদিন একসঙ্গে ক্লাস হয় না। 

Image
ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুলে সোমবার স্কুলশিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি উদ্বোধনের পর টিকা নেওয়ার জন্য অপেক্ষায় শিক্ষার্থীরা। ছবি: মাহমুদ জামান অভি

ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুলে সোমবার স্কুলশিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি উদ্বোধনের পর টিকা নেওয়ার জন্য অপেক্ষায় শিক্ষার্থীরা। ছবি: মাহমুদ জামান অভি

তবে শিক্ষার্থীদের টিকাদান উপলক্ষে দীর্ঘদিন পর আবার মতিঝিল আইডিয়ালে মিলিত হয়েছিল ছাত্রছাত্রীরা, তাদের সঙ্গে ছিলেন অভিভাবকরাও।

টিকা নেওয়ার পর শিশুদের কথায় মিললো করোনাভাইরাস জয় করার প্রত্যয়। তাদের বিশ্বাস, মহামারী শেষে আবার মুখরিত হবে সবগুলো স্কুল। সবাই আবার ফিরবে স্বাভাবিক জীবনে।

সবার আগে ফাইজারের টিকার প্রথম ডোজ পায় নবম শ্রেণির তাহসান হোসেন এবং মাহজাবিন তমা।

তাহসান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, টিকা নেওয়ার আগে কিছুটা দ্বিধায় থাকলেও টিকা নেওয়ার পর তা আর নেই।

Image
ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুলে সোমবার স্কুলশিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি উদ্বোধনের পর টিকা নিতে আসা শিক্ষার্থীদের নিবন্ধন করা আছে কি না, তা যাচাই করছে এক স্কাউট সদস্য। ছবি: মাহমুদ জামান অভি

ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুলে সোমবার স্কুলশিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি উদ্বোধনের পর টিকা নিতে আসা শিক্ষার্থীদের নিবন্ধন করা আছে কি না, তা যাচাই করছে এক স্কাউট সদস্য। ছবি: মাহমুদ জামান অভি

“এখন ভালো লাগছে। আমি কোভিড থেকে মুক্ত থাকতে পারব। স্কুলেও ফ্রিলি আসা যাওয়া করতে পারব। আমি খুবই আনন্দিত, যারা টিকার ব্যবস্থা নিয়েছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।”

আর তাসমিম ফাতিমা বললো, “প্রায় দেড় বছর ধরে স্কুল বন্ধ ছিল। দিনের দিনের পর দিন অপেক্ষা করেছি কখন স্কুল খুলবে। আস্তে আস্তে স্কুল খোলা শুরু করেছে। আশা করছি আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসব।”

এই সময়টা অভিভাবকদের কতটা দুশ্চিন্তায় কেটেছে, সে কথা বললেন ফাতিমার মা শাহনাজ ইসলাম।

“আমি নিজেও পাগলের মতো হয়ে গেছি। কারণ মেয়ে পড়ালেখার প্রতি খুব আগ্রহী। আমাদের মধ্যবিত্ত পরিবারে পড়ালেখাটাই সম্বল। আমরা চাই সব শিশুকে টিকা দেওয়ার পর দ্রুত স্কুল খুলে ফেলুক। গৃহবন্দি অবস্থা আর ভালো লাগছে না।”

Image
ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুলে সোমবার স্কুলশিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি উদ্বোধনের পর টিকা কার্ড দেখিয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ছবি: মাহমুদ জামান অভি

ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুলে সোমবার স্কুলশিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি উদ্বোধনের পর টিকা কার্ড দেখিয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ছবি: মাহমুদ জামান অভি

ষষ্ঠ শ্রেণির ছাত্র রাকশান হাসনাত জানালো, সুঁই দেখে প্রথমে একটু ঘাবড়ে গিয়েছিল সে। তবে স্কুলে আসতে হলে টিকা নিতেই হবে।

“টিকা নেওয়ার আগে সবারই একটু ভয় লাগে। সুঁই দেখলে আমারও ভয় হয়। কিন্তু টিকা দেওয়ার পর আর ব্যথা লাগে নাই, ভয়ও পাই নাই। ভালো লাগছে যে করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারব। স্কুল খুললে সাহস নিয়ে আসতে পারব।”

করোনাভাইরাসের টিকার মাধ্যমে ‘আগের দিনগুলোতে’ ফিরে যাওয়া যাবে বলে আশা করছে ষষ্ঠ শ্রেণির খাদিজাতুল কোবরা।

“কারণ টিকা নেওয়ার পর কোভিড সংক্রমণ কমতে পারে। আমাদের পড়ালেখায়ও প্রভাব পড়বে, গতি আসবে। সামনে আমাদের পরীক্ষা আছে সেটা দিতে পারব। এভাবে ঘরবন্দি থাকা লাগবে না।”

নবম শ্রেণির আরেক শিক্ষার্থী তানিশা জান্নাত বললো, টিকা নেওয়ায় পর সে বিশ্বাস পাচ্ছে।

“আমরা স্কুলে আসতে ভয় পেতাম, এই বুঝি করোনাভাইরাসে আক্রান্ত হলাম। কিন্তু সরকার আমাদের করোনাভাইরাসের টিকার ব্যবস্থা করে দিয়েছে। আমরা টিকা নেব এবং সঙ্কট কাটিয়ে উঠতে পারব। ভাইরাস আক্রমণ করবে না বিষয়টি এমন নয়, কিন্তু এই টিকার কারণে আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে।”

Image
ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুলে সোমবার করোনাভাইরনের টিকার প্রথম ডোজ নিতে এসে উচ্ছ্বসিত এক শিক্ষার্থী। ছবি: মাহমুদ জামান অভি

ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুলে সোমবার করোনাভাইরনের টিকার প্রথম ডোজ নিতে এসে উচ্ছ্বসিত এক শিক্ষার্থী। ছবি: মাহমুদ জামান অভি

টিকা নেওয়ার পরও যে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সে কথা ভালো করেই জানে মাইশা খানম।

সে বললো, “টিকা সুরক্ষা দেবে, তাই বলে কি আমরা স্বাস্থ্যবিধি মানব না?”

সোমবার এই স্কুলের ২৫টি বুথে টিকাদানের কথা থাকলেও ১২টি বুথে টিকা দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে সবগুলো বুথে টিকা দেওয়া হবে।

টিকা  নিতে আসা অনেকেরই মোবাইলে এসএমএস আসেনি। ফলে টিকাদান কার্যক্রমের শুরুতে কিছুটা জটিলতা তৈরি হয়। তবে যাদের এসএমএস আসেনি, তাদের টিকা কার্ডের মাধ্যমে টিকা দেওয়া হয়েছে। কার্ডের কিউআর কোড স্ক্যান করে রেখেছেন স্বাস্থ্যকর্মীরা।

উদ্বোধনী অনুষ্ঠানের কারণেও টিকাদান শুরু করতে কিছুটা দেরি হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়ে মানা হয়নি সামাজিক দূরত্ব। তবে শিক্ষার্থীদের সবার মুখেই মাস্ক পরা ছিল।

Image
ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুলে সোমবার শিশুদের কোভিড টিকাদানের প্রথম দিন টিকা নেওয়ার জন্য আসে প্রায় ২ হাজার শিক্ষার্থী। ছবি: মাহমুদ জামান অভি

ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুলে সোমবার শিশুদের কোভিড টিকাদানের প্রথম দিন টিকা নেওয়ার জন্য আসে প্রায় ২ হাজার শিক্ষার্থী। ছবি: মাহমুদ জামান অভি

মো. ফারুক সুমন নামে একজন অভিভাবক জানালেন, তার দুই সন্তানের মধ্যে নবম শ্রেণি পড়ুয়া বড় ছেলের নিবন্ধন হলেও ছোট ছেলের নিবন্ধন করা যায়নি। সব ডকুমেন্ট দেওয়ার পর সুরক্ষা ওয়েবসাইটে নোটিস দেখিয়েছে- ‘দুঃখিত। জন্ম সনদ এবং জন্ম তারিখ সঠিক দিন’।

এ বিষয়ে প্রশ্ন করলে আইডিয়াল স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. মোফাজ্জল হোসেন (প্রভাতী  শাখা) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিছু ঝামেলা হয়েছে।… আমাদের এখানে ১২ থেকে ১৭ বছর বয়সের ১৩ হাজার শিক্ষার্থী। কিন্তু এখনও আমাদের এক তৃতীয়াংশ শিক্ষার্থী নিবন্ধন করতে পারেনি। প্রথম দিন হওয়ার কারণে হয়ত এমন হয়েছে। আস্তে আস্তে ঠিক হয়েছে যাবে আশা করি।”

গত ১৪ অক্টোবর মানিকগঞ্জের কয়েকটি স্কুলের ১২০ জন শিক্ষার্থীকে পরীক্ষামূলকভাবে এই টিকার প্রথম ডোজ দেওয়া হয়। তাদের কারও কোনো সমস্যা না হওয়ায় এখন সারা দেশে স্কুল শিক্ষার্থীদের টিকার আওতায় আনার কাজ শুরু হল।

চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশে ৪০ বছরের বেশি বয়সীদের টিকাদান শুরু হয়েছিল। এবার ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীরাও সেই তালিকায় এল।