২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মেডিকেল থেকে নিখোঁজ, নারায়ণগঞ্জ থেকে লাশ উদ্ধার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিখোঁজ রোগী মো. মাঈনুদ্দিনের লাশ পাওয়া গেছে নারায়ণগঞ্জে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2021, 08:54 PM

Updated : 02 Aug 2022, 06:31 PM

Image
মো. মাঈনুদ্দিন

মো. মাঈনুদ্দিন

এই যুবক নিখোঁজ হওয়ার তিন দিন পর লাশ পেয়ে নারায়ণগঞ্জে বেওয়ারিশ হিসেবে তার দাফনও হয়ে যায়।

তবে তার আঙুলের ছাপ মিলিয়ে পরিচয় শনাক্তের পর নারায়ণগঞ্জ পুলিশ রোববার যোগাযোগ করে বলে মাঈনুদ্দিনের (২৮) বাবা রবিউল হক জানিয়েছেন।

মানসিক সমস্যার সঙ্গে পেটের ব্যথা নিয়ে গত ২৩ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফেনীর যুবক মাঈনুদ্দিন। তার লিভারের জটিলতার চিকিৎসা চলছিল।

তার তিন দিন পর গত ২৬ অক্টোবর ঢাকা মেডিকেল থেকে নিখোঁজ হন তিনি।

২৯ অক্টোবর নারায়ণগঞ্জ সদরের ২ নম্বর রেলগেইট সংলগ্ন এলাকা থেকে মাঈনুদ্দিনের লাশ উদ্ধার করা হয় বলে নারায়ণগঞ্জ সদর থানার ওসি শাহ জামান জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সড়কের পাশে বঙ্গবন্ধু চত্বরে একটি অজ্ঞাত পরিচয় লাশ পাওয়া যায়। পরে তা ময়নাতদন্ত শেষে পাঠানটুলী কবরস্থানে সিটি করপোরেশনের সহায়তায় বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়।”

অজ্ঞাতনামা লাশের আঙুলের ছাপ সংগ্রহ করে রাখে পুলিশ। তার সঙ্গে জাতীয় পরিচয়পত্রের তথ্য ভাণ্ডারে সংরক্ষিত আঙুলের ছাপ মিলিয়ে ওই লাশ মাঈনুদ্দিনের বলে শনাক্ত করা হয়।

এরপর জাতীয় পরিচয়পত্রের দেওয়া ঠিকানা অনুযায়ী নারায়ণগঞ্জের পুলিশ ফোন করে ফেনীর পুলিশকে। ফেনীর পুলিশ মাঈনুদ্দিনের গ্রামের বাড়ির ঠিকানা অনুযায়ী একজন জনপ্রতিনিধিকে ফোন করেন।

সেই জনপ্রতিনিধি রোববার দুপুরে মাঈনুদ্দীনের বাবাকে খবরটি দেন।

মাঈনুদ্দিন কেমন করে নারায়ণগঞ্জ গেলেন কিংবা কীভাবে মারা গেলেন, তা স্পষ্ট হওয়া যায়নি।

রবিউল হক বলেন, “দীর্ঘ সময় মানসিক চিকিৎসা চলেছে মাঈনুদ্দিনের। এক পর্যায়ে তার পেটের একটা অংশ শক্ত হয়ে যায়। শরীরের একটা অংশ অবশের মতো হয়ে গিয়েছিল।”

ঢাকা মেডিকেল থেকে রোগী নিখোঁজ  

২৬ অক্টোবর সকাল ৮টার পর থেকে মঈনুদ্দিনকে পাওয়া যাচ্ছিল না। সারাদিনেও তাকে না পেয়ে তার বাবা রবিউল শাহবাগ থানার সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার জিডির বরাত দিয়ে বলেছিলেন, সকাল ৮টার দিকে দুজন চিকিৎসক একটি পরীক্ষার জন্য মাঈনুদ্দিনকে ছয় তলার ওয়ার্ড থেকে দশ তলার একটি কক্ষে নিয়ে গিয়েছিলেন। মাঈনুদ্দিনের বড় ভাই জামাল উদ্দিনও সঙ্গে ছিলেন। এরপর মাঈনুদ্দিনকে ১০ তলার একটি কক্ষে রেখে জামাল নাস্তা আনতে বাইরে যান। কিন্তু ফিরে এসে তাকে আর পাননি।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানিয়েছিলেন, সিসি ক্যামেরার ভিডিওতে মাঈনুদ্দিনকে হেঁটে লিফটে উঠতে দেখা গিয়েছিল।