ফেরি দুর্ঘটনা: পাটুরিয়া ঘাটে ক্ষতির হিসেব কষছেন ট্রাক মালিকরা
পদ্মাপাড়ের পাটুরিয়া ঘাটে কভার্ড ভ্যান মালিক শাহীদুজ্জামানের গত তিনটি দিন কেটেছে আশা-নিরাশার দোলায়। শেষ পর্যন্ত তার কভার্ড ভ্যানটি টেনে তুলেছে উদ্ধারকারী জাহাজ হামজা, কিন্তু গাড়ির অবস্থা দেখে মুষড়ে পড়েছেন শাহীদুজ্জামান।
যাশোর থেকে আসা এই ভ্যান মালিক শুক্রবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, “ক্যামনে কী হবে। গাড়ি ঠিক করার খরচ দেবে কে, কিস্তি দেব কোনহানতে। সর্বস্বান্ত হয়ে গেছি ভাই।”
গত বুধবার সকালে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ভেড়ার সময় ১৪টি ট্রাক ও কয়েকটি মোটরসাইকেলসহ কাত হয়ে উল্টে যায় রো রো ফেরি শাহ আমানত। ফেরি আধাডোবা হয়ে থাকলেও ট্রাকগুলো পদ্মায় তলিয়ে যায়।
বেশিরভাগ ট্রাকে ছিল যশোরের বেনাপোল স্থলবন্দর হয়ে আসা আমদানিপণ্য। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ১২টি ট্রাক উদ্ধার করতে পেরেছে বিআইডব্লিউটিএ এর উদ্ধারকারী জাহাজ।
শাহীদুজ্জামান জানান, তার গাড়ি তোলা হয়েছে বৃহস্পতিবার। তবে স্থানীয় প্রশাসন এখনও সেটা তাকে বুঝিয়ে দেয়নি।
তার মত আর যাদের ট্রাক নদী থেকে তুলে আনা গেছে, সবাই এখন ক্ষয়-ক্ষতির হিসেব কষছেন।
পটুয়াখালীর ট্রাক মালিক আবুল বাশার রিপন বললেন, শুক্রবার সকাল ১০টায় তার গাড়ি নদী থেকে তুলে পাটুরিয়া ঘাটের টার্মিনালে নিয়ে রাখা হয়েছে। তবে এখনো তাকে বুঝিয়ে দেওয়া হয়নি।
গত তিন দিন ধরে পাটুরিয়া ঘাটে থাকতে, খেতে ‘খুবই কষ্ট’ হয়েছে রিপনের। তার ট্রাকে ছিল কয়েক টন লোহার অ্যাঙ্গেল। সেনাকল্যাণ ট্রাস্টের জন্য সেগুলো ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। নদী থেকে ট্রাক ফিরলেও মালামালের কোনো হদিস পাওয়া যায়নি।
ট্রাক মালিকদের ভাষ্য, উদ্ধার হওয়া ট্রাকগুলোর ইঞ্জিন, গিয়ার বক্স, ব্রেক, ডিফরেন্সিয়াল, ইলেকট্রিক্যাল সিস্টেমসহ বডিরও ক্ষতি হয়েছে। প্রত্যেকটা ট্রাক মেরামতের জন্য কয়েক লাখ টাকার ধাক্কা সামলাতে হবে।
শাহীদুজ্জামান জানান, কভার্ড ভ্যান বুঝে না পেলেও তিনি ঘাটে মিস্ত্রি ডেকে দেখিয়েছেন। তারা বলেছেন, প্রত্যেকটি নাট খুলে দেখতে হবে। কোথাও পানি রয়ে গেলে পরে সমস্যা হবে।
মাল নিয়ে গাড়ি ঢাকার উদ্দেশ্যে ছাড়ার আগে যশোরের আড়পাড়া থেকে ৪৪০ লিটার ডিজেল ভরা হয়েছিল জানিয়ে শাহীদুজ্জামান বলেন, “ঘাট পর্যন্ত আসতে ৪০ লিটার খরচ হতে পারে। ট্যাংকে অন্তত ৪০০ লিটার তেল থাকার কথা। নদী থেকে ওঠানোর পর ট্যাংকে এখন খালি পানি। তেলই গেছে অন্তত ২৬ হাজার টাকার।
“গাড়ির ব্যাটারি পাল্টাতে হবে। ইলেকট্রিক্যাল ব্যবস্থা, ব্রেক- সবই মেরামত করতে হবে। ইঞ্জিন, গিয়ারবক্সে পানি কতটা ঢুকেছে এখনো বোঝা যাচ্ছে না। সেখানে কাদা ঢুকলে তো আরও বড় ধাক্কা। পানি না ঢুকলেও পুরো ইঞ্জিন খুলে পরিষ্কার করতে হবে।”
শাহীদুজ্জামান বলেন, ২০১৭ সালে কিস্তিতে ট্রাক কিনে সেটাকে কভার্ডভ্যানে রূপান্তর করেছিলেন তিনি। প্রতি মাসে গাড়ির কিস্তি দিতে হয় ৬০ হাজার টাকা। এখন কিস্তি দেবেন কী দিয়ে, আর মেরামত করাবেন কী করে- সেই দুঃশ্চিন্তায় আছেন তিনি।
এ বিষয়ে সরকারের কাছে সহায়তা চেয়ে শাহীদুজ্জামান বলেন, “আমরা তো কোনো দোষ করি নাই, কিন্তু চরম বিপদে পড়ছি। ক্ষতিপূরণ বলেন বা সহায়তা, সরকার যেন আমাগের দিকে একটু তাহায়।”
