দুদিনের দুর্ভোগ শেষে হৃদরোগ হাসপাতালে বিকল্প ব্যবস্থায় পানি
পানি সঙ্কটে দুই দিন তীব্র দুর্ভোগ পোহাতে হয়েছে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের রোগীসহ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের।
শুক্রবার পাশের কিডনি হাসপাতাল থেকে এবং ওয়াসার গাড়িতে করে বিকল্প ব্যবস্থায় হাসপাতালে পানি সরবরাহ করা হলে দুর্ভোগ অনেকটা কেটেছে বলে জানিয়েছেন হাসপাতালের কর্মকর্তারা।
হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনায় স্থাপিত গভীর নলকূপ থেকে বুধবার পানি ওঠা বন্ধ হয়ে গেলে তীব্র পানি সঙ্কট দেখা দেয় রাজধানীর অন্যতম বড় এ হাসপাতালে।
শুক্রবার হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাময়িক সমাধান হিসেবে পাশের কিডনি হাসপাতাল এবং ওয়াসার গাড়িতে পানি আনা হচ্ছে।
“ওয়াসার সরবরাহ লাইনেও সংযোগ নেওয়ার কাজ চলছে। স্থায়ী সমাধান পেতে আরও কিছুদিন সময় লাগবে।“
খোঁজ নিয়ে জানা গেছে, হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ৪০ বছরের পুরনো গভীর নলকূপের কর্মক্ষমতা কমেছে আগেই। নতুন নলকূপ না বসানোয় গত কিছুদিন ধরেই পানির সমস্যা হচ্ছিল।
গত বুধবার থেকে নলকূপ দিয়ে পানি ওঠা একেবারেই বন্ধ হয়ে যাওয়ায় দুদিন ব্যাপক দুর্ভোগে পড়েন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল হৃদরোগের চিকিৎসায় দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান। হাসপাতালের পানি সরবরাহ করা হয় নিজস্ব গভীর নলকূপ দিয়ে।
হাসপাতালের ১২ নম্বর ওয়ার্ডের শামসুল আলম নামের এক রোগী বলেন, পানি না থাকায় বাইরে থেকে পানি আনতে হয়েছে তাকে।
“হাসপাতালে পানি নাই দুদিন ধরে। গোসল, প্রস্রাব-পায়খানা করার খুবই অসুবিধা। বাইরে থেকে পানি আইনা একবার গোসল করছি।”
৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন একজন রোগীর স্বজন কামরুন নাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পানি না থাকায় দুটি দিন চরম কষ্ট করে হয়েছে।
“বাথরুমে পানি নাই। খাওয়ার পানিও ছিল না। ফলে খুবই কষ্ট করতে হয়েছে এ দুই দিন। তবে আজ সমস্যা কিছুটা কমেছে।”
শুক্রবার সন্ধ্যায় হাসপাতালের একজন ওয়ার্ড মাস্টার বলেন, পানির স্তর নিচে নেমে যাওয়ায় দীর্ঘদিন ধরেই টুকটাক সমস্যা হচ্ছে। তবে বুধবার থেকে পানি ওঠা একেবারেই বন্ধ হয়ে গেছে।
“দুদিন পানির জন্য খুবই কষ্ট হয়েছে। কিডনি হাসপাতাল থেকে পানি এনে বিভিন্ন ওয়ার্ডে দেওয়া হয়েছে। খাবার পানির জন্য হাসপাতালের সামনে চারটা বড় ট্যাংকি বসানো হয়েছে। এজন্য আজ অবস্থা কিছুটা ভালো। কিন্তু এর স্থায়ী সমাধান হওয়া দরকার।“
পানির স্তর নিমে নেমে যাওয়ায় এখন গভীর নলকূপ দিয়ে পানি উঠছে না উল্লেখ করে ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. জামাল জানিয়েছেন, কিডনি হাসপাতালের পানির পাম্পের সঙ্গে দেওয়া সংযোগ এবং ওয়াসার গাড়িতে করে আনা পানি দিয়ে ট্যাংকি ভরে ওয়ার্ডে সরবরাহ করা হচ্ছে।
“এখন সব ওয়ার্ডে পানির সরবরাহ আছে। আমরা ওয়াসার পানির সংযোগ দেওয়ার জন্য কাজ করছি। এটার কাজ চলছে, রাতের মধ্যেই শেষ হয়ে যাওয়ার কথা। এটা হলে আপাতত পানির সমস্যা হবে না।”
এক মাস আগে থেকেই নতুন টিউবওয়েল বসানোর জন্য কাজ চলছে জানিয়ে তিনি বলেন, “স্থায়ী সমাধানের জন্য সবার সঙ্গে কথা বলছি। আশা করছি সমাধান হয়ে যাবে।”
