সাম্প্রদায়িক অপশক্তি: শিক্ষকদের সচেতনতা তৈরির আহ্বান শিক্ষামন্ত্রীর
একাত্তরের পরাজিত শক্তি ও জনগণের কাছে প্রত্যাখ্যাত একটি মহল বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
বুধবার রাতে স্বাধীনতা শিক্ষক পরিষদের ‘সামাজিক সম্প্রীতি সুরক্ষায় শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক ভার্চুয়াল আলোচনায় তিনি একথা বলেন।
তিনি এদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
এ বিষয়ে শিক্ষকদের সচেতনতা তৈরির আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “নতুন প্রজন্মকে এভাবে গড়ে তুলতে হবে, যাতে সাম্প্রদায়িক অপশক্তি তাদের বিপথগামী করতে না পারে।”
বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যার পর দেশে ‘সাম্প্রদায়িক অপশক্তির উত্থান ঘটেছে’ উল্লেখ করে দীপু মনি বলেন, “এসময় স্বাধীনতা বিরোধীরা সমাজে ও রাষ্ট্রে সুপ্রতিষ্ঠিত হয়েছে। সে অপশক্তি আজও অত্যন্ত সক্রিয়।”
স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজুর সভাপতিত্বে আলোচনায় আরও বক্তব্য দেন সংগঠনের সভাপতি অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, অধ্যাপক সাজিদুল ইসলাম, অধ্যক্ষ সাইদুর রহমান পান্না, প্রধান শিক্ষক মেহেরুন্নেছা, প্রধান শিক্ষক সামসুল হুদা প্রমুখ।
