বিনামূল্যে টেলিমেডিসিন সেবা চালু করল ‘ওয়েসিস’
মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শের জন্য বিনামূল্যে টেলিমেডিসিন সেবা চালু করেছে পুলিশ কল্যাণ ট্রাস্ট পরিচালিত কেন্দ্র ‘ওয়েসিস’।
সোমবার পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ স্বাস্থ্যসেবা চালু করার তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “সপ্তাহের সাতদিন ২৪ ঘণ্টা বিনামূল্যে টেলিমেডিসিন সেবা চালু করা হয়েছে। দায়িত্বরত চিকিৎসক এবং মনোরোগ বিশেষজ্ঞগণ এ সেবা প্রদান করবেন।”
মাদকাসক্তি নিরাময় এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ পেতে কেন্দ্রের টেলিফোন নম্বরে ০১৩২০-২২৫৫৫৬ যোগাযোগ করতে বলা হয়েছে।
গত ৭ অক্টোবর ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বসুন্ধরা রিভারভিউ আবাসিক এলাকায় ‘ওয়েসিস’ নামে এই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের উদ্বোধন করা হয়।
৬০ শয্যার এই কেন্দ্রে তুলনামূলক কম খরচে বিশ্বমানের সেবার ব্যবস্থা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
