২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি বিমানবন্দরে ড্রোন হামলার নিন্দায় বাংলাদেশ

সৌদি আরবের একটি বিমানবন্দরে ‘হুতি মিলিশিয়াদের’ ড্রোন হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার; যে হামলায় আহতদের মধ্যে তিন বাংলাদেশিও রয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2021, 08:38 PM

Updated : 02 Aug 2022, 06:27 PM

Image
কিং আবদুল্লাহ বিমানবন্দর

কিং আবদুল্লাহ বিমানবন্দর

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই প্রতিক্রিয়ার পাশাপাশি ইয়েমেন সঙ্কটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বানও জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, “এই ধরনের হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইন ও নৈতিক মূল্যবোধের সুস্পষ্ট লঙ্ঘন ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”

সৌদি আরবে দক্ষিণে জিজান শহরের কিং আবদুল্লাহ বিমানবন্দরে শুক্রবার ড্রোন হামলায় মোট ১০ জন আহত হয়। সেখানে আহত তিন বাংলাদেশি ওই বিমানবন্দরেরই কর্মী।

ইয়ামেনের হুতি বিদ্রোহীরা ওই হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে।

হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সরকারের বিবৃতিতে আরও বলা হয়, “সৌদি আরবে ক্রমবর্ধমান হুতি হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশ; যা চলমান শান্তি প্রচেষ্টার ক্ষতিসাধান করছে।”

বিবৃতিতে আরও বলা হয়, এই ধরনের দায়িত্বজ্ঞানহীন হামলার নিন্দায় সৌদি সরকার ও দেশটির ভ্রাতৃপ্রতীম জনগণের সঙ্গে সংহতি জানাচ্ছে বাংলাদেশ।

আহত বাংলাদেশিদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য রিয়াদে বাংলাদেশ দূতাবাসকে নির্দেশনা দেওয়ার কথাও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পুরনো খবর:

সৌদি বিমানবন্দরে ড্রোন হামলায় ৩ বাংলাদেশি আহত