২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস সোমবার

তথ্যপ্রযুক্তিতে কন্যাশিশুদের সুযোগ বাড়ানোর তাগিদ দিয়ে বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক কন্যাশিশু দিবস’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2021, 11:47 PM

Updated : 07 Apr 2022, 11:44 PM

এবার দিবসটির প্রতিপাদ্য- “ডিজিটাল প্রজন্ম, আমাদের প্রজন্ম”।

২০১১ সালের ১৯ ডিসেম্বর কন্যাশিশুদের অধিকার নিশ্চিত করা ও চ্যালেঞ্জগুলো মোকাবেলায় দিবসটি পালনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ।

এরপর প্রতিবছর ১১ অক্টোবর দিনটি কন্যাশিশুদের অগ্রযাত্রায় সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

জাতিসংঘ বলছে, মহামারী পরিস্থিতিতে শেখা, উপার্জন ও সম্পৃক্ততার ক্ষেত্রে ডিজিটাল মাধ্যমের ব্যবহার বেড়েছে, সেখানেও কন্যাশিশুদের সামনে লিঙ্গ বৈষম্যের বিষয়টি চলে এসেছে।

এই বিভাজন দূর করতে পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছে সংস্থাটি।

ইউনিসেফের তথ্য অনুযায়ী, ২৫ বছরের নিচে বিশ্বের ২২ কোটি মানুষের বাসায় ইন্টারনেট সুবিধা নেই। আর ইন্টারনেট থেকে বিচ্ছিন্নদের মধ্যে মেয়েদের সংখ্যাই বেশি।

বিশ্বে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য ২০১৩ সালে যেখানে ছিল ১১ শতাংশ, তা ২০১৯ সালে বেড়ে ১৭ শতাংশে দাঁড়িয়েছে। আর স্বল্পোন্নত দেশগুলোতে এ বৈষম্য প্রায় ৪৩ শতাংশ।

সংস্থাটি বলছে, মেয়েরা ছেলেদের তুলনায় ডিজিটাল ডিভাইস কম ব্যবহার করছে এবং প্রযুক্তিগত দক্ষতা কম থাকায় এ সম্পর্কিত চাকরিতেও সুযোগ কম পাচ্ছে।

আর ইউএন উইমেন এর পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে প্রাপ্ত বয়স্কদের স্বাক্ষরতার ক্ষেত্রে পুরুষরা হার যেখানে ৬৯ শতাংশ সেখানে নারীদের স্বাক্ষরতার হার ৫৪ শতাংশ।

বাংলাদেশে গত কয়েক বছরে নারীরা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে আসলেও তাদের সামনে নানা চ্যালেঞ্জের কথা বলে আসছেন নারী অধিকার কর্মীরা।

করোনাভাইরাস মহামারীতে মেয়েদের শিক্ষাবঞ্চিত হওয়া ও বাল্যবিয়ের হার আরও বেড়ে যাওয়ার দাবি তাদের।

ইউনিসেফের তথ্য অনুযায়ী, বাল্যবিয়ের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি।

এ পরিস্থিতিতে কন্যাশিশুদের নিরাপদ ভবিষ্যত নিশ্চিত ও সমঅধিকারের আশায় অন্যান্য দেশের মত বাংলাদেশেও নানা আয়োজনে দিনটি উদযাপিত হবে।

সোমবার দিবসটি উপলক্ষে মহাখালীতে ‘বাল্য বিবাহ রোধ ও শিশুশ্রম বন্ধে প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে ব্র্যাক।

এতে অতিথি থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এছাড়া ‘কিশোরী-কিশোরদের আত্ম-উন্নয়নে ইতিবাচক পরিবেশের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে ইউনিলিভার বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও চাইল্ড অ্যাফেয়ার্স জার্নালিস্টস নেটওয়ার্ক।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি অনুষ্ঠানে অংশ নেবেন।