সুফল প্রকল্পে বাস্তবায়ন হচ্ছে ৩২ ধরনের বনায়ন কর্মসূচি: মন্ত্রী
দেশে বৃক্ষাচ্ছাদিত ভূমির পরিমাণ ২২ দশমিক ৩৭ শতাংশ থেকে ২৪ ভাগে উন্নীত করতে সরকার সুফল নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে, যেটির মাধ্যমে ৩২ ধরনের বনায়ন কর্মসূচির কাজ হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন।
রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় ‘কমিউনিটি অপারেশনস ম্যানুয়াল’ চূড়ান্তকরণ সভায় তিনি এ কথা জানান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
মন্ত্রী বলেন, সুফল প্রকল্পের মাধ্যমে সরকারি বনজ সম্পদ ব্যবস্থাপনার উন্নয়ন এবং বন সংরক্ষণ ও পুনরুদ্ধারে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়ানো হবে।
“বনের ওপর সরাসরি নির্ভরশীলতা হ্রাসসহ বনজ সম্পদ উজাড় রোধে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা হবে। এতে বনাচ্ছাদন বাড়বে, বনের বাইরে বৃক্ষাচ্ছাদন বৃদ্ধির উপযুক্ত পরিবেশ সৃষ্টি হবে। ফলে অচিরেই দেশে বৃক্ষাচ্ছাদনের পরিমাণ শতকরা ২২ দশমিক ৩৭ ভাগ হতে ২৪ ভাগে উন্নীত করা সহজ হবে।”
পরিবেশমন্ত্রী জানান, দেশের আটটি বিভাগের ২৮টি জেলার ১৬৭টি উপজেলায় অবস্থিত ২৬টি বন বিভাগীয় কার্যালয়ের মাধ্যমে বাস্তবায়নাধীন সুফল প্রকল্পের মাধ্যমে তিন ধরনের ল্যান্ডস্কেপে ৩২ ধরনের বনায়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
“সহযোগিতামূলক বন ব্যবস্থাপনা প্রবর্তনের মাধ্যমে ৫২ হাজার ৭২০ হেক্টর অবক্ষয়িত ও বৃক্ষশূন্য পাহাড়ি ও সমতল বনভূমির ল্যান্ডস্কেপে বনাচ্ছাদন বৃদ্ধি করা হচ্ছে। উপকূলীয় সবুজ বেষ্টনি তৈরিতে উপকূলের ল্যান্ডস্কেপে ২৪ হাজার ৮৮০ হেক্টর ম্যানগ্রোভ বাগান সৃজন করা হচ্ছে।”
এছাড়া গুরুত্বপূর্ণ বন্যপ্রাণির আবাসস্থল উন্নয়নে পশুখাদ্য ও ফলদ গাছ রোপণ করে ২০টি রক্ষিত এলাকায় ২ হাজার ৫০০ হেক্টর বন্যপ্রাণির আবাসস্থল উন্নয়ন এবং ১ হাজার ৩৩০ হেক্টর করিডোর উন্নয়নের কাজ চলছে বলে জানান তিনি।
পরিবেশমন্ত্রী বলেন, “এ সকল বনায়নের মাধ্যমে বনাচ্ছাদন বৃদ্ধির এ উদ্যোগ সার্থক করার জন্য সহযোগিতামূলক বন ব্যবস্থাপনায় সম্পৃক্ত বননির্ভর ৪০ হাজার পরিবারের প্রত্যেককে সুফল প্রকল্প থেকে ৪২ হাজার টাকা ঘুর্ণায়মান জীবিকা উন্নয়ন তহবিল হিসাবে প্রদান করা হবে।”
এছাড়া কমিউনিটিভিত্তিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রতিটি বনসংরক্ষণ গ্রামে ৪ লাখ ২০ হাজার টাকা কমিউনিটি উন্নয়ন তহবিল হিসাবে প্রদান করা হবে বলে জানান তিনি।
