সাবেক যুগ্ম সচিবের বিরুদ্ধে দুদকের মামলা
ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে সরকারের পৌনে ২ কোটি টাকা তুলে আত্মসাতের অভিযোগে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের সাবেক পরিচালক ও লাইন ডাইরেক্টের আশরাফুন্নেছার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে মামলাটি করেন বলে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদেক জানিয়েছেন।
মামলায় সাবেক যুগ্ম সচিব আশরাফুন্নেছার বিরুদ্ধে ভুয়া ভাউচারের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বাজার দরের চেয়ে বেশি দামে কেনাকাটা দেখিয়ে ওই অর্থ আত্মসাতের অভিযোগ করা হয়েছে।
আশরাফুন্নেছা ২০১৮ সালের ১৩ মে থেকে ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অধিদপ্তরের তথ্য শিক্ষা ও উদ্বুদ্ধকরণ বা আইইএম ইউনিটের পরিচালকের দায়িত্ব পালন করেন।
এজাহারে বলা হয়, ২০১৮ সালের ১ জুলাই থেকে ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত আইইএম ইউনিটের বিভিন্ন সেমিনার ও কনফারেন্স এবং প্রশিক্ষণ খাতের ৮৭টি বিলের মাধ্যমে মোট ৪ কোটি ৫০ লাখ ৬১ হাজার ৭৯০ টাকার বিল হিসাব রক্ষণ অফিস থেকে পাস হয় এবং সমপরিমাণ অর্থ তোলা হয়।
“এই অর্থের মধ্যে নিজের (পরিচালক) স্বাক্ষরিত ভুয়া ভাউচার ও মূল্য অধিক দেখিয়ে সৃজিত ভাউচারের মাধ্যমে এক কোটি ৭৬ লাখ ৬৭ হাজার ৭৫২ টাকা উত্তোলন করে আশরাফুন্নেছা আত্মসাত করেন।”
