২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী হত্যায় কামরাঙ্গীরচরের আল-আমিনের মৃত্যুদণ্ড

রাজধানীর কামরাঙ্গীরচরের হযরতনগরে তানিয়া আক্তারকে হত্যার দায়ে তার স্বামী আল-আমিনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2021, 09:58 PM

Updated : 02 Aug 2022, 06:26 PM

বৃহস্পতিবার বিকেলে ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের  বিচারক তাবাসসুম ইসলামের আদালত এই রায় ঘোষণা করে।

রায়ে ফাঁসির আদেশের পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ডও দিয়েছেন বিচারক।

আসামি আল-আমিনের মা আদালতে উপস্থিত ছিলেন। তখন তিনি চিৎকার করে তার মাকে শান্তনা দেয়, “তুমি চিন্তা করো না মা, আমার কিছুই হবে না।”

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর ফোরকান মিয়ার আদালতপাড়ার সাংবাদিকদের বলেন, “কিশোর বয়সে আরও দুটি খুন করেছে আল-আমিন। খুন করার ক্ষেত্রে সে সিদ্ধহস্ত পেশাদার হয়েছে।”

রায় থেকে জানা যায়, ২০১৮ সালের ১৮ মার্চ তানিয়া আক্তারের কাছে যৌতুক দাবি করে আসামি। ওই সময় যৌতুক দিতে অস্বীকার জানালে আসামির হাতে থাকা সুইচগিয়ার চাকু দিয়ে ভিকটিমের বাম স্তনের নিচে আঘাত করে। এরপর ঘটনাস্থলে ভিকটিমের মৃত্যু হয়।

ওই ঘটনায় ভিকটিমের মা আনোয়ারা বেগম আনু বাদী হয়ে কামরাঙ্গীচরে হত্যা মামলাটি দায়ের করেন।

মামলাটি তদন্ত করে ওই বছরের ১১ জুন সংশ্লিষ্ট থানার পুলিশ পরিদর্শক মোস্তফা আনোয়ার আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর ২৪ আগস্ট বিচারের জন্য ট্রাইব্যুনালে আসে। একই বছরের ৪ অক্টোবর চার্জগঠন আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।

মামলাটির বিচার চলকালীন সময় মামলার অভিযোগপত্রে থাকা ১৬ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করেছে ট্রাইব্যুনাল।

মোট ৪৪টি কার্যদিবসে মামলাটির বিচার কার্যক্রম শেষ করে ট্রাইব্যুনাল।