‘সাধারণ ওষুধের’ জন্য বিশেষ ক্ষমতা আইনে মামলা, বিস্মিত বিচারক
পুরান ঢাকার মিটফোর্ডের বাবুবাজার মার্কেটে ভারতীয় কিছু সাধারণ ওষুধ উদ্ধারের পর চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা দেখে বিস্ময় প্রকাশ করেছেন ঢাকার একজন বিচারক।
মহানগর হাকিম মইনুল ইসলাম এই মামলাকারী র্যাব-১০ এর কর্মকর্তা মো. শহিদুজ্জামান, মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই গৌতম কুমার সরকারকে আদালতে তলব করেছেন।
পুরান ঢাকার মিটফোর্ডের ওষুধের পাইকারি বাজারে দুটি দোকান আশা মেডিক্যাল ও ফ্রেন্ডস মেডিকোয় অভিযান চালিয়ে দেশি-বিদেশি অবৈধ ওষুধ উদ্ধারের সঙ্গে দুজনকে গ্রেপ্তারের পর গত ৪ অক্টোবর কোতোয়ালি থানায় তাদের বিরুদ্ধে মামলা করে র্যাব। আসামিরা হলেন- গাজীপুরের মীরেরগাঁও গ্রামের তাপস কুমার সরকার এবং কেরানীগঞ্জের শুভাঢ্যার মুস্তাকিন আহমেদ।
আদালতের অনুমতি নিয়ে দুই আসামিকে এক দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের পর বুধবার আদালতে হাজির করা হয়। তখন তাদের আইনজীবীরা জামিনের আবেদন জানালে তার শুনানিতে ঘটনাটি শুনে বিস্ময় প্রকাশ করেন বিচারক মাইনুল।
এই শুনানিতে আসামি পক্ষে শাহীনুল ইসলাম রিজভী ও হাবিবুর রহমান দিদার জামিনের আবেদন করেন।
রিংগার্ড, মুভ, বেটনোভেট অয়েণ্টমেন্ট জব্দের কথা উল্লেখ করে আসামিদের আইনজীবীরা বলেন, এসব ওষুধ বাংলাদেশের এমন দোকান নেই যে পাওয়া যায় না।
তখন বিচারক রাষ্ট্রপক্ষে শুনানিতে উপস্থিত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মাহমুদুর রহমানকে বলেন, “এগুলো তো আমিও ব্যবহার করি। এগুলো তো কমন ওষুধ। এর জন্য এত বড় মামলা কেন?”
জামিন শুনানিতে আইনজীবীরা বলেন, আসামিদের কাছ থেকে ৫ লাখ মূল্যের বিদেশি ওষুধ জব্দের কথা বলা হলেও এগুলোর দাম এর চাইতে অনেক কম। আর এগুলো চোরাচালানের মাধ্যমে আসেনি। যেসব রোগী ভারত থেকে চিকিৎসা করে আসেন, তাদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে।
আইনজীবীরা বলেন, বিশেষ ক্ষমতা আইনের এ মামলাটি ২৫-বি ধারার হলেও এজহারে এ আইনের উপধারা নির্দিষ্ট করা হয়নি।
আইনজীবী শাহীনুল ইসলাম বলেন, বিশেষ ক্ষমতা আইনের ২৫-খ (১) ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি শুল্ক বা কর ফাঁকি দিয়ে পাট, সোনা-রূপা দ্রব্য, মুদ্রা বা খাদ্যদ্রব্য বা অন্য কোনো জিনিস দেশের বাইরে পাঠায় বা দেশের ভেতরে নিয়ে আসে, তবে সে লোক মৃত্যদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা ১৪ বছরের দণ্ডে দণ্ডিত হবে। সঙ্গে জরিমানাও থাকবে।
বহুল আলোচিত বিশেষ ক্ষমতা আইনের ২৫-খ এর (২) ধারায় বলা হয়েছে, নিষিদ্ধ পণ্য বাংলাদেশে কেনা-বেচা করে বিক্রি করলে সর্বোচ্চ সাত বছর থেকে এক বছর কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হবে।
আসামি পক্ষের আইনজীবীদের যুক্তি শোনার পর বিচারক বলেন, “রিমান্ড ফেরতের দিনে জামিন দিলে ভাইব্রেন্ট তৈরি হবে। যে কারণে আজ আমি জামিন দেব না। আমি আগামী রোববার এজাহারকারী, আইও এবং আসামিদের কারাগার থেকে হাজির করে তাদের সবার উপস্থিতিতে জামিন শুনানি নেব।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে মামলার তদন্ত কর্মকর্তা এসআই গৌতম সরকারকে ফোন করে বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি ‘আমি রাস্তায় আছি, পরে কথা বলব’ বলে এড়িয়ে যান।
