২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তাপস-মিলার বৈঠক, নগর অবকাঠামো উন্নয়নে সহযোগিতায় আগ্রহ

নগর অবকাঠামো উন্নয়নে বিনিয়োগে আগ্রহের পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্য সেবার মানোন্নয়নে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে যুক্তরাষ্ট্র সহযোগিতার আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2021, 11:41 PM

Updated : 07 Apr 2022, 11:42 PM

মঙ্গলবার বিকালে নগর ভবনের মেয়র কার্যালয়ে তাপসের সঙ্গে দেখা করতে যান বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার।

এই সৌজন্য সাক্ষাতে তিনি সহযোগিতায় আগ্রহের কথা জানান বলে মেয়র জানিয়েছেন।

মেয়র বলেন, "আমরা কোন ধরনের নগর চাই, সেই প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে নগরীর পরিবেশগত ভারসাম্য রক্ষা, খাল-জলাশয় উদ্ধার ও জলাবদ্ধতা দূরীকরণ, বুড়িগঙ্গার পাড় ঘেঁষে নান্দনিক পরিবেশ সৃষ্টি, আদি বুড়িগঙ্গা চ্যানেল পুনরুদ্ধার ও নদী রক্ষা বাঁধ নির্মাণ, কামরাঙ্গীরচরে নতুন একটি কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চল প্রতিষ্ঠা করা, করপোরেশনে নবসংযুক্ত ১৮টি ওয়ার্ডে আধুনিক ও যুগোপযোগী সড়ক অন্তর্জাল (রোড নেটওয়ার্ক) প্রতিষ্ঠায় দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।

“পরিকল্পনার আওতায় নগরীর ১ কোটি ২০ লক্ষ মানুষের নাগরিক সুবিধা বৃদ্ধি ও দীর্ঘমেয়াদে আগামীর প্রতিবন্ধকতাসমূহ নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। সেজন্য দক্ষিণ সিটির সামগ্রিক উন্নয়নে আমাদের গৃহীত নানাবিধ উদ্যোগ ও কার্যক্রমে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ প্রবাহ বৃদ্ধিতে আমি আহ্বান জানাই।

রাষ্ট্রদূত মিলার বলেন, করপোরেশনের উদ্যোগে সমন্বিত মহাপরিকল্পনা প্রণয়ন খুবই যুগোপযোগী ও উৎসাহব্যঞ্জক। তিনি যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সরেজমিনে এই এলাকা পরিদর্শন ও বিনিয়োগের আহ্বান জানাবেন।

“ঢাকা শহরের ন্যায় ঘনবসতিপূর্ণ এলাকায় ভূমিকম্পের মতো দুর্যোগ মারাত্মক বিপর্যয় সৃষ্টি করতে পারে। তাই এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অনেকগুলো ক্ষেত্রে আমরা একযোগে পারস্পরিক সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করতে পারি। এছাড়াও নগরীর প্রাথমিক স্বাস্থ্য সেবার মানোন্নয়নে আমরা একইসাথে কাজ করতে আগ্রহী।”

মেয়র প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় করপোরেশনের সামগ্রিক প্রস্তুতি এবং কেন্দ্রীয় সরকারের সমন্বয় পরিকল্পনা এবং দুর্যোগকালীন জরুরি যোগাযোগে বিশ্ব ব্যাংকের সহযোগিতায় ইমার্জেন্সি কন্ট্রোল রুম প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানান।

পরিবার পরিকল্পনাসহ প্রাথমিক স্বাস্থ্য সেবা জোরদারকরণে যথাযথ কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে জানিয়ে তাপস বলেন, "পর্যায়ক্রমে দক্ষিণ সিটির প্রত্যেকটি ওয়ার্ড এই প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম বিস্তৃত করা হবে। আমাদের এই কর্মপরিকল্পনায় যুক্তরাষ্ট্রের সহযোগিতামূলক মনোভাব নিঃসন্দেহে জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে।”

বৈঠকে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহম্মদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শরীফ আহমেদ, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মারুফুর রশিদ খান, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের মিশন উপ-প্রধান হেলেন লাফিভ, ইউএসএআইডির মিশন ডিরেক্টর ক্যাথরিন স্টিভেন্স, যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের কান্ট্রি ডিরেক্টর নেলি কেইডস-ড্যানিয়েলস এবং ফুড ডিজাস্টার হিউম্যানিটারিয়ান অ্যাসিস্ট্যান্সের অফিস ডিরেক্টর এলেন ডি গুজম্যান উপস্থিত ছিলেন।