খুনি নূর চৌধুরীকে সাজা ভোগ করতেই হবে: তথ্য প্রতিমন্ত্রী
বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি এবিএমএইচ নূর চৌধুরী শরণার্থী হিসেবে কানাডায় বসবাস করছেন জানিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, বাংলাদেশের মাটিতে তাকে সাজা ভোগ করতেই হবে।
কানাডায় ১১ দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রতিমন্ত্রী বলেন, "টরন্টোতে বসবাসরত বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নুর চৌধুরীকে তার জীবদ্দশায় বাংলাদেশের মাটিতে সাজা ভোগ করতেই হবে। কানাডা সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী নূর চৌধুরী শরণার্থী হিসেবে ওই দেশে আশ্রয় নিয়েছে।"
১৯৭৫ সালের ১৫ অগাস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ড মাথায় নিয়ে নূর চৌধুরীসহ পাঁচ খুনি এখনও পলাতক রয়েছে।
মতবিনিময় সভায় বাংলাদেশ টেলিভিশনের ডিজিটাল কার্যক্রম দেশব্যাপী পরিচালনা এবং ডিজিটাল বাংলাদেশের রূপান্তরের বিস্তারিত তুলে ধরেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, "সব দেশেই সরকার বিরোধী একটি গোষ্ঠী সক্রিয়, তাদের কাজ গুজব ছড়িয়ে সরকারকে বিব্রত করা- দেশের ভাবমূর্তি নষ্ট করা।
“আমাদের দেশের কিছু স্বাধীনতাবিরোধী গোষ্ঠী বিদেশে বসে দেশের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে, দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে।"
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের বিস্তার প্রতিরোধে কানাডা কীভাবে কাজ করছে তাও তুলে ধরেন তিনি।
"কানাডার তথ্য মন্ত্রণালয় এককভাবে গুজব প্রতিরোধে কাজ করে না, আমাদের মতো তারাও বেশ কয়েকটি মন্ত্রণালয় ও দপ্তরের সমন্বয়ে কার্যক্রম করে থাকে,” যোগ করেন তিনি।
মুরাদ হাসান আরও বলেন, "বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন। আর তাকে রক্ষার দায়িত্ব পালন করছেন তার কন্যা শেখ হাসিনা। তার স্বদেশ প্রত্যাবর্তনের ধারাবাহিকতাতে স্বৈরশাসক এরশাদের পতন হয়, বিএনপি-জামায়াতের মুখোশ উন্মোচন হয় এবং বঙ্গবন্ধু হত্যার বিচারের রুদ্ধদ্বার খোলে।
“বাংলাদেশ এখন স্বপ্ন দেখে আগামীর উন্নত সৃমদ্ধশালী বাংলাদেশের।"
তিনি গত ২২ সেপ্টেম্বর কানাডা যান এবং ৪ অক্টোবর দেশে ফেরেন।
