নিজের এলাকায় টেক্সটাইল ইন্সটিটিউট চান ১০ এমপি
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির ১০ সদস্যের প্রত্যেকেই নিজেদের নির্বাচনী এলাকায় একটি করে টেক্সটাইল ইন্সটিটিউট চান।
এ বিষয়ে ‘অগ্রাধিকার ভিত্তিতে’ টেক্সটাইল ইন্সটিটিউট করা বা কোনো ধরনের প্রকল্প গ্রহণের ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি।
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির গত ২৪ জুনের বৈঠকের কার্যবিবরণী থেকে এ তথ্য জানা যায়। মঙ্গলবারের বৈঠকে ওই কার্যবিবরণী অনুমোদন দেওয়া হয়।
মঙ্গলবারের বৈঠকে জুন মাসের ওই বৈঠকের এ সুপারিশের অগ্রগতি সম্পর্কে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বস্ত্র অধিদপ্তরের অধীনে বর্তমানে আটটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ১০টি টেক্সটাইল ইনস্টিটিউট এবং ৪১টি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট এ শিক্ষা কার্যক্রম চলছে।
এছাড়া ১৫টি প্রকল্পের বাস্তবায়ন করা হচ্ছে এবং আরও দশটি প্রকল্প প্রক্রিয়াধীন। সংসদীয় কমিটির সদস্যদের নিজ এলাকায় টেক্সটাইল শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ সংক্রান্ত কোনো প্রস্তাব পাওয়া গেলে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন রতন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মন্ত্রণালয় এ বিষয়টি নিয়ে একটা মিটিং করবে। তারপর আরও অগ্রগতির বিষয়ে কমিটিকে জানাবে।”
এদিকে বৈঠকে বন্ধ হয়ে যাওয়া পাটকলের কর্মকর্তা কর্মচারীদের ‘মান ও মর্যাদা অনুযায়ী’ মন্ত্রণালয়ের অধীনস্ত বিভিন্ন বিভাগে আত্তীকরণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখ হাসিনা স্পেশালাইজড জুট মিল ও শেখ হাসিনা নকশি পল্লী অনুমোদিত প্রকল্প দুটির কাজ তাড়াতাড়ি সময়ে শুরু করে বর্তমান সংসদের মেয়াদেই শেষ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও কমিটি সুপারিশ করেছে।
কমিটির সভাপতি মির্জা আজমের সভাপতিত্বে কমিটির সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, মোয়াজ্জেম হোসেন রতন, রনজিত কুমার রায়, নজরুল ইসলাম চৌধুরী, শাহীন আক্তার, আব্দুল মমিন মন্ডল, তামান্না নুসরাত (বুবলী) ও মোহাম্মদ হাবিব হাসান বৈঠকে অংশগ্রহণ করেন।
