প্রতারণার মামলায় এবি ব্যাংকের ডিএমডির জামিন
প্রতারণার মামলায় গ্রেপ্তার এবি ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিএমডি) আব্দুর রহমানকে জামিন দিয়েছে আদালত।
ঢাকার মহানগর হাকিম নিভানা খায়ের জেসী মঙ্গলবার দুই হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করে মামলাটি বিচারের জন্য অন্য আদালতে বদলির আদেশ দেন।
মঙ্গলবার সকালে ঢাকার গুলশানের বাসা থেকে আব্দুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হলে তিনি জামিনের আবেদন করেন।
মামলার নথি থেকে জানা যায়, ‘অপরাধজনক বিশ্বাস ভঙ্গের’ অভিযোগে এরশাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. বজলুর রশিদ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন।
ওই মামলায় আব্দুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আদালত। সেই পরোয়ানাতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।
সংশ্লিষ্ট আদালতের পেশকার জাহিদ হাসান আদালতপাড়ার সাংবাদিকদের বলেন, “মামলায় যে ধারায় আসামির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তা জামিনযোগ্য। তাই আদালত জামিন দিয়েছেন।”
