স্ত্রীকে ‘গলাটিপে’ হত্যায় স্বামীর যাবজ্জীবন
রাজধানীর কদমতলীতে স্ত্রীকে ‘গলাটিপে’ হত্যা করে পালিয়ে যাওয়ার সাত বছর পর স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল।
সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জেসমিন আরা বেগম এ মামলার রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া সবুজ মিয়া পলাতক আছেন, তিনি রিকশা চালাতেন। ২০১৪ সালের ডিসেম্বরে স্ত্রী শোভাকে তিনি ‘গলাটিপে’ হত্যা করেন বলে মামলায় অভিযোগ করা হয়।
সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পেশকার মো. মিজান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রায়ে সবুজকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ৬ মাসের জেল দেওয়া হয়েছে।
আদালত সবুজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ সাজার পরোয়ানা ইস্যু করার আদেশ দিয়েছে বলেও জানিয়েছেন ট্রাইব্যুনালের পেশকার মিজান।
রায়ে বলা হয়, ২০১৪ সালের মার্চ মাসে প্রেমের সম্পর্ক থেকে শোভাকে বিয়ে করেন সবুজ। তারা কদমতলী হাজী খোরশেদ আলী রোডের একটি বাসা থাকতেন।
২০১৪ সালের ১০ ডিসেম্বর সকাল ৮টার দিকে তিনি ওই বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেননি। ১২ ডিসেম্বর শোভাকে মৃত অবস্থায় দেখতে পান পাশের বাসার ভাড়াটিয়া রিনা। পরে শোভার লাশ বাসা থেকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় ১৩ ডিসেম্বর কদমতলী থানায় মামলা দায়ের করেন শোভার বোন রিভা। মামলায় তিনি অভিযোগ করেন, ৯ ডিসেম্বর রাত ১০ টা থেকে ১২ ডিসেম্বর সকাল ৮টার মধ্যে কোনো এক সময়ে সবুজ তার বোন শোভাকে হত্যা করেন।
মামলাটি তদন্ত করে ২০১৭ সালের ২৩ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা কদমতলী থানার এসআই মোহাম্মদ নজরুল ইসলাম।
পরের বছর ২৭ আগস্ট সবুজের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে আদালত। মামলার বিচার চলার সময় অভিযোগপত্রের ২২ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্য নেওয়া হয়।
