‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হলেন সেনাবাহিনী প্রধান
বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরের অন্তর্ভুক্ত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের (বীর) ষষ্ঠ ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
রোববার রাজশাহী সেনানিবাসের শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে এ অভিষেক অনুষ্ঠান হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সেখানে বলা হয়, ঐতিহ্যবাহী এ অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেনাবাহিনী প্রধান সামরিক রীতি অনুযায়ী ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীর ‘রেজিমেন্ট অব দি মিলেনিয়াম’ এর অভিভাবকের দায়িত্ব গ্রহণ করলেন।
সেনাসদর, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, স্থানীয় ফরমেশন এবং বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাগণরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে সেনাবাহিনী প্রধানকে প্যারেড স্কয়ারে অভিবাদন জানানো হয়। সেখানে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের একটি চৌকশ দল তাকে ‘গার্ড অব অনার’ দেয়।
পরে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের জ্যেষ্ঠ অধিনায়ক এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার সেনা প্রধানকে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ‘কর্নেল র্যাংক ব্যাজ’ পরিয়ে দেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সেখানে বলা হয়, “অনুষ্ঠানে সেনাপ্রধান উপস্থিত সকলের উদ্দেশ্যে নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরে তিনি মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ বীর গৌরবে পুস্পস্তবক অর্পণ করেন।”
অনুষ্ঠান শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল শফিউদ্দিন বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ষোড়শ বার্ষিক অধিনায়ক সম্মেলনে স্বাগত বক্তব্য দেন এবং এ রেজিমেন্টের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশে-বিদেশে পরিচালিত কার্যক্রম বিষয়ে মতবিনিময় করেন।
তিনি বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় এই রেজিমেন্টের অবদানের কথা স্মরণ করেন এবং আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সদস্যদের প্রতি আহ্বান জানান।
