মহাত্মা গান্ধীর অহিংসার বাণী এখনও প্রাসঙ্গিক: দোরাইস্বামী
মহাত্মা গান্ধীর জীবন ও তার অহিংসার বাণী এখনও প্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী।
মহাত্মা গান্ধীর ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার নোয়াখালীর গান্ধী আশ্রমে ‘অহিংসা, সত্যাগ্রহ এবং মহাত্মা গান্ধীকে স্মরণ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এসময় তিনি ২০১৯ সালে মহাত্মা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে জাতিসংঘের একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য স্মরণ করে বলেন, গান্ধীজীর সাধারণ মানুষের প্রতি ভালবাসা এবং অহিংসার আদর্শ তৎকালীন শাসকগোষ্ঠীর নিপীড়ন ও অত্যাচারের বিরুদ্ধে বঙ্গবন্ধুর সংগ্রামের দৃষ্টিভঙ্গি গঠনে অবদান রেখেছিল।”
ভারতীয় হাই কমিশনার বলেন, “প্রদর্শনীটি আমাদের দুই দেশের জাতির পিতা মহাত্মা গান্ধী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও উত্তরাধিকারের একটি অনন্য বিষয়কে উপস্থাপন করছে।”
শনিবার গান্ধী আশ্রম ক্যাম্পাসে সদ্য সংস্কার করা ‘গান্ধী স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করেন আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন এবং হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। এর সংস্কারে সহায়তা দিয়েছে ভারত সরকার।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চণ্ডালিকা’ অবলম্বনে একটি বিশেষ নৃত্যনাট্য অনুষ্ঠানে উপস্থাপন করে ঢাকার ‘স্পন্দন সাংস্কৃতিক কেন্দ্র’।
