২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রীড়া মন্ত্রণালয়কে ৩ একর জমি দিল মৎস্য মন্ত্রণালয়

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটকে ৩ দশমিক ৩৮ একর জমি দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2021, 01:37 AM

Updated : 02 Aug 2022, 06:20 PM

সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট অডিটোরিয়ামে শনিবার এ বিষয়ে দুই মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি যুব উন্নয়ন ইনস্টিটিউট এবং মানিকগঞ্জ জেলায় প্রস্তাবিত আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করে।

জমি হস্তান্তর করায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়ে দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে প্রশিক্ষণের উপর গুরুত্বারোপ করে সংসদীয় কমিটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রস্তাবিত আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণ কাজ চলতি অর্থবছরে এর শুরু করার কথা জানায় কমিটি।

মানিকগঞ্জ জেলার শিবালয় থানায় প্রস্তাবিত স্টেডিয়ামটিকে ‘শেখ হাসিনা স্টেডিয়াম’ নামকরণের জন্য সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের নেতৃত্বে কমিটির সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, হুইপ মাহবুব আরা বেগম গিনি, এ এম নাঈমুর রহমান ও জাকিয়া তাবাসসুম জমি পরিদর্শনে যান।

বিশেষ আমন্ত্রণে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী স.ম. রেজাউল করিম এবং স্থানীয় সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমানও তাদের সঙ্গে ছিলেন।