২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

ঢাকার বাসাবো সবুজবাগ এলাকায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2021, 10:37 AM

Updated : 02 Aug 2022, 06:20 PM

সবুজবাগ থানার এসআই ইব্রাহিম খলিল জানান, বৃহস্পতিবার রাতে বাসাবো খেলার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি জানান, নিহত যুবকের নাম হৃদয়, বয়স আনুমানিক ২৭ বছর। স্থানীয়রা ‘চোর সন্দেহে’ তাকে ধরে পিটিয়ে জখম করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য হৃদয়ের মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে তার বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারেনি পুলিশ।