গ্রাম্য সালিশের নিপীড়ন থেকে ৩ পরিবারকে রক্ষার নির্দেশ হাই কোর্টের
গ্রাম্য সালিশ না মানায় নয় মাস ধরে একঘরে করে রাখা মৌলভীবাজারে কুলাউড়ার কোরবানপুর গ্রামের ভুক্তোভোগী তিন পরিবারকে নিপীড়ন থেকে রক্ষার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
স্বরাষ্ট্র সচিব, মৌলভীবাজারের জেলা প্রশাসক, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যানকে এ নির্দেশ দেওয়া হয়েছে।
এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রোববার রুলসহ এ আদেশ দেয় বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ।
গত ২৬ জানুয়ারি ও ১৬ মার্চ প্রতিকার চেয়ে আবেদনের নিষ্পত্তি করতে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।
স্বরাষ্ট্র সচিব, মৌলভীবাজারের জেলা প্রশাসক, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান ও সালিশকারীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বত্ত্ব মামলা করার কারণে এ তিন পরিবারের সদস্যদের সামাজিকভাবে বয়কট করা হয়। মসজিদ, মাদরাসা, স্কুল, হাট-বাজার কোথাও যেতে পারছে না তারা। এটি মানবাধিকারের চরম লঙ্ঘন, মৌলিক অধিকরের লঙ্ঘন।
“স্থানীয় সালিশকারীরা এটি করেছে। বিভিন্ন সময় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থেকে শুরু করে জেলা প্রশাসকের কাছে আবেদন করেও কোনো প্রতিকার পায়নি তারা। যে কারণে আদালতের হস্তক্ষেপ চেয়ে রিট আবেদনটি করা হয়।”
বিভিন্ন দৈনিকে এ সংক্রান্ত প্রকাশিত খবর যুক্ত করে ভুক্তোভোগী পরিবারের তিন সদস্য মো. আকমল হোসেন, কাজল আহমেদ ও রুমানা আক্তার গত বুধবার হাই কোর্টে রিটটি করেন।
জমি সংক্রান্ত বিরোধ নিয়ে গ্রাম্য সালিশ না মেনে স্বত্ত্ব মামলা করায় গত বছর ৫ ডিসেম্বর থেকে এ তিন পরিবারকে একঘরে করে রাখে সালিশকারীরা।
