দক্ষতা বাড়াতে প্রশিক্ষণে পুলিশ
দক্ষতা বাড়াতে পুলিশের কনস্টেবল থেকে অতিরিক্ত আইজি পর্যন্ত প্রত্যেক সদস্যের বছরে ন্যূনতম একবার প্রশিক্ষণ নিতে হবে।
রোববার পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ পুলিশের সব সদস্যের পদমর্যাদাভিত্তিক এই প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ পুলিশের দক্ষতা বাড়াতে একাধিক কমিটি গঠন করা হয়। ওই কমিটিগুলো একাধিক প্রশিক্ষণ কোর্সের ‘মডিউল’ প্রস্তাব করে। তা থেকে অনুমোদিত কোর্সের সিলেবাস এবং কোর্স মডিউল কনটেন্ট তৈরি করা হয়।
এএসপি এবং তদূর্ধ্ব কর্মকর্তাদের প্রশিক্ষণ বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ), সারদা, রাজশাহীতে; উপ-পরিদর্শক থেকে পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তাদের প্রশিক্ষণ বিপিএ, টিডিএস, টিটিএস, এসটিএস, পিএসটিএস সব পুলিশ ট্রেইনিং সেন্টার ও ডিএমপি ট্রেনিং একাডেমিতে হবে।
কনস্টেবল, নায়েক এবং এএসআই পর্যায়ের প্রশিক্ষণ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের তত্ত্বাবধানে দেশের ১০৮টি পুলিশ ইউনিটের প্রশিক্ষণ ভেন্যুতে হবে।
বিপিএ, পিটিসি, সব ইনসার্ভিস ট্রেইনিং সেন্টারসহ দেশের ১০৫টি পুলিশ ইউনিটের সব পদমর্যাদার প্রশিক্ষণ একযোগে শুরু হবে, যা পর্যায়ক্রমে সারা বছর চলবে।
এই কর্মসূচির আওতায় কনস্টেবল থেকে অতিরিক্ত আইজি পর্যন্ত ২ লাখ ১৮ হাজার ১২০ জন পুলিশ সদস্যকে পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেওয়া হবে।
পুলিশ সদরদপ্তর এইচআরএম উইং প্রশিক্ষণ সংক্রান্ত সব কার্যক্রম সমন্বয় করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
