২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর বাংলাদেশে ‘খুনি জিয়ার’ বিচার অবশ্যই হবে: তথ্য প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের জন্য আবারও জিয়াউর রহমানের মরণোত্তর বিচার চাইলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2021, 09:33 AM

Updated : 07 Apr 2022, 11:34 PM

বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে বলা হয়, বুধবার ঢাকার একটি হোটেলে মিরর ম্যাগাজিন আয়োজিত অনলাইন রিয়েল হিরো অ্যাওয়ার্ড ২০২১ প্রদান অনুষ্ঠানে তিনি এ বিষয়ে কথা বলেন।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মর্মস্পর্শী ঘটনা মনে করিয়ে দিয়ে প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম একটি নাম খন্দকার মোশতাক আহমেদ। তার বিশ্বাসঘাতকতার পেছনে বড় খায়েশ ছিল দেশের রাষ্ট্রপতি হওয়ার। বাংলার মাটিতে রচিত হল বেইমানের ইতিহাস।

“আর বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নকারী হচ্ছেন জিয়া। বঙ্গবন্ধুর বাংলাদেশে খুনি জিয়ার মরণোত্তর বিচার অবশ্যই হবে।”

মুরাদ হাসান অনুষ্ঠানে বলেন, “বঙ্গবন্ধু জাতিকে দিয়েছেন আত্মমর্যাদা, নিজস্ব পরিচয়। জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি জাতিকে দিয়েছেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। জাতির রিয়েল হিরোই তিনি।”

বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এ অনুষ্ঠানে মিরর ম্যাগাজিনের পক্ষ থেকে অনলাইন রিয়েল হিরো অ্যাওয়ার্ড দেওয়া হয়। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানের মূল সমন্বয়ক ছিলেন, মিরর ম্যাগাজিনের ভাইস প্রেসিডেন্ট মালা খন্দকার। এছাড়া সংসদ সদস্য বীরেণ শিকদার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।