ঢাকায় যুবক হত্যা: নাটোর থেকে বাবা-মেয়ে গ্রেপ্তার
ঢাকার ভাটারায় রিগ্যান রোজারিও (২৫) নামের এক যুবককে বাসায় ডেকে পিটিয়ে হত্যার অভিযোগে নাটোর থেকে বাবা ও মেয়েকে আটক করেছে পুলিশ।
রোববার রাতে নাটোরের বড়াইগ্রাম থেকে জীবন গমেজ (৫০) ও তার মেয়ে প্রিয়াংকা গমেজকে (২০) আটক করে বড়াইগ্রাম থানা পুলিশ।
পরে রাতেই তাদের ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে শনিবার বিকেলে ভাটারার ছোলমাইদ এলাকার জীবন গমেজের বাসার টয়লেট থেকে রিগ্যানের মরদেহ উদ্ধার করে পুলিশ।
ভাটারা থানার ওসি মো. মুক্তারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভাটারার ছোলমাইদে একটি ছয়তলা ভবনের তিনতলায় জীবন গমেজ ভাড়া থাকতেন। শনিবার বিকাল ৩টার দিকে তার ভাড়া বাসার তালা ভেঙে তল্লাশি চালিয়ে টয়লেট থেকে রিগ্যানের মরদেহ উদ্ধার করা হয়।
ফাইল ছবি
তিনি আরও বলেন, "খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার রাত ৮টার পর কোনো এক সময়ে রিগ্যান ওই বাসায় আসে। এর আগে রিগ্যান তার বড়বোনকে ফোন করে একটি দাওয়াতে যাচ্ছেন বলে জানান।
“ওই বাসায় যাওয়ার পরে রিগ্যান মদপান করে। একপর্যায়ে মদ্যপ অবস্থায় জীবন তাকে মারপিট করলে তার মৃত্যু হয়। পরে তাকে টয়লেটে আটকে রেখে বাসায় তালা দিয়ে বাবা ও মেয়ে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় নিজেদের গ্রামের বাড়িতে পালিয়ে যায়।"
রিগ্যানের পরিবারের সদস্যরা তার মোবাইল ফোন দীর্ঘসময় বন্ধ পেয়ে ও অনেক খোঁজ করে সন্ধান না পাওয়ায় ভাটারা থানায় যোগাযোগ করেন জানিয়ে ওসি বলেন, “পরে রিগ্যানের মোবাইল ফোন ট্রেস করে জীবনের বাসা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।"
তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে রিগ্যানের সঙ্গে প্রিয়াঙ্কার প্রেমের সম্পর্ক ছিল, যা তার বাবা জীবন গমেজ মেনে নিতে পারেননি। মেয়ের কাছ থেকে সরে যাওয়ার জন্য বাবা জীবন গমেজ প্রেমিক রিগ্যানকে কৌশলে ডেকে নিয়ে মদপান করিয়ে বেধড়ক মারপিট করে। একপর্যায়ে তার মৃত্যু হলে তারা কী করবে ভেবে না পেয়ে বাসা তালা দিয়ে আত্মগোপন করেন।
এ ঘটনার বিস্তারিত এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা সেটি জানতে তদন্ত করা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
নিহত রিগ্যান বড়াইগ্রামের জোনাইল ইউনিয়নের দ্বারিকুশী গ্রামের মৃত প্রফুল্ল রোজারিওর ছেলে। গুলশান ডিএনসিসি মার্কেটের একটি মুদি দোকানে কাজ করতেন তিনি।
এ ঘটনায় রিগ্যানের বোন আলো রোজারিও আটক বাবা ও মেয়েসহ অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে ভাটারা থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
