২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্ক সফর শেষে দেশে সেনাপ্রধান

তুরস্কে সরকারি সফর শেষে বৃহস্পতিবার দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2021, 12:52 AM

Updated : 10 Oct 2022, 06:13 PM

বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ১৮ আগস্ট দুপুরে ঢাকা থেকে ইস্তানবুলে পৌঁছালে সেনাপ্রধানকে অভ্যর্থনা জানান তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্নান।

সফরকালে জেনারেল শফিউদ্দিন আহমেদ তুরস্কের জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রী মুহসিন দেরে এবং তুর্কি ডিফেন্স ইন্ডাস্ট্রিজের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইসমাইল দেমি এর সঙ্গে সাক্ষাৎ করেন ।

সাক্ষাতে উভয়েই তুরস্কের পক্ষ থেকে বাংলাদেশকে সামরিক সরঞ্জামাদিসহ সব ধরনের সহযোগিতা এবং সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Image
তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজের মন্ত্রী ইসমাইল দেমিকে বাংলাদেশ সেনাবাহিনীর ক্রেস্ট প্রদান করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ছবি: আইএসপিআর

তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজের মন্ত্রী ইসমাইল দেমিকে বাংলাদেশ সেনাবাহিনীর ক্রেস্ট প্রদান করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ছবি: আইএসপিআর

ইস্তানবুলে সেনাবাহিনী প্রধান আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলা ২০২১ এর বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং নানাবিধ সামরিক সরঞ্জামাদির ব্যাপারে জেনেছেন।

এরপর সেখান থেকে আঙ্কারা যান সেনাপ্রধান। সেখানে তিনি মোস্তফা কামাল আতাতুর্কের সমাধিস্থল ও জাদুঘর পরিদর্শন করেন এবং সেখানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

তুরস্কের সঙ্গে সহযোগিতার নতুন দ্বার খোলার প্রত্যাশা সেনাপ্রধানের  

আঙ্কারা অবস্থানের সময় সেনাবাহিনী প্রধান তুর্কি চিফ অব ল্যান্ড ফোর্সেস মুসা আভ সেভের ও চিফ অব জেনারেল স্টাফ ইয়াসের গুলেরের সঙ্গে সাক্ষাৎ করেন।

তিনি তুরস্ক সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক ব্যক্তিদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি আনম্যানড এরিয়াল সিস্টেমের অপারেশন কন্ট্রোল রুম, আর্মি এভিয়েশন সদর দপ্তর এবং তুরস্ক এর এরোস্পেস ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করেন।

সফরের শেষ দিনে সেনাবাহিনী প্রধান তুরস্কের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি (এনডিইউ) পরিদর্শন করেন এবং এনডিইউর কার্যক্রম ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় সম্পর্কে সেখানে তাকে জানানো হয়।

এনডিইউর রেক্টর ইরহান আফইয়োনজু সেখানে তাকে সংবর্ধনা দেন।

ঢাকা ফিরে আসার আগে তুরস্কের প্রথম আর্মি কমান্ডার কেমাল ইয়েনিও তার সঙ্গে সাক্ষাৎ করেন।