জলবায়ু ক্ষতি কাটাতে বাংলাদেশকে ‘সহায়তা দিয়ে যাবে’ যুক্তরাজ্য
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় পরিবেশ সংক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় গবেষণা এবং কারিগরি সহায়তা দিয়ে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত রবার্ট ডিকসন।
হাই কমিশনার ডিকসনের নেতৃত্বে যুক্তরাজ্য দূতাবাসের এক প্রতিনিধি দলের সঙ্গে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিনের বৈঠকে এই প্রতিশ্রুতি আসে বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ডিকসনকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “ব্রিটেনের চলমান সহযোগিতা ক্রমবর্ধমান গতিতে অব্যাহত থাকবে।”
বৈঠকে পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন বলেন, বাংলাদেশ ক্লাইমেট ভালনারিবিলিটি ফোরাম এবং ভালনারেবল-২০ এর সভাপতি হিসেবে জলবায়ু পরিবর্তন বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ ভূমিকা পালন করছে। বাংলাদেশ সামগ্রিক সমৃদ্ধির লক্ষ্যে মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান ঘোষণা করেছে।
“বাংলাদেশ ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশান (এনডিসি) চূড়ান্ত করে ৩১ আগস্টেন পূর্বে ইউএনএফসিসিতে জমা দেবে। এছাড়া সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে ন্যাশনাল এডাপটেশন প্লান (এনএপি) প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।”
যুক্তরাজ্যের আয়োজনে আগামী নভেম্বরে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠেয় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের সফলতা কামনা করেন পরিবেশমন্ত্রী।
তিনি আশা প্রকাশ করেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ঝুঁকিপূর্ণ দরিদ্র দেশগুলোতে ধনী দেশগুলোর প্রতিশ্রুত বার্ষিক ১০০ বিলিয়ন মার্কিন ডলার প্রদানসহ প্যারিস জলবায়ু চুক্তির অন্যান্য বিষয়ে বিশ্বনেতারা মতৈক্যে পৌঁছাবে।
বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (উন্নয়ন) আহমদ শামীম আল রাজী, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মিজানুল হক চৌধুরী, যুগ্ম-সচিব (জলবায়ু পরিবর্তন) সঞ্জয় কুমার ভৌমিক এবং যুক্তরাজ্য দূতাবাসের জলবায়ু ও পরিবেশ কর্মসূচির প্রধান জন ওয়ারবার্টন উপস্থিত ছিলেন।
