২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিবের মায়ের সেবার মন্ত্রণালয়ের কাউকে দায়িত্ব দেওয়া হয়নি: প্রাণিসম্পদমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদের মায়ের চিকিৎসা সেবার কাজে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব দিয়ে মন্ত্রণালয় থেকে কোনো চিঠি দেওয়া হয়নি বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2021, 04:43 PM

Updated : 02 Aug 2022, 06:15 PM

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান।

সচিব রওনক মাহমুদের মা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি আছেন।

তার চিকিৎসা সেবার কাজে হাসপাতালে ২৪ জন কর্মকর্তা-কর্মচারীকে লিখিতভাবে দায়িত্ব দেওয়া হয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশ পায়।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন, তিনি ঢাকার বাইরে থাকা অবস্থায় গণমাধ্যমে খবরটি দেখে মঙ্গলবারই সচিবকে প্রশ্ন করেন।

“আজ একনেক মিটিংয়ে আমি সচিব মহোদয়কে জিজ্ঞেস করলে তিনি বলেছেন, ‘আমি কাউকে এ ধরনের কাজ করতে বলিনি’। আমি মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে দেখেছি, সচিবের মায়ের দেখভাল করার জন্য কাউকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি।”

রেজাউল বলেন, “মন্ত্রণালয় থেকে এ জাতীয় কোনো কিছু করা হয়নি, কাউকে কোনোরূপ দায়িত্ব দেওয়া হয়নি। সচিব আমাকে জানিয়েছেন, তিনি মৌখিকভাবেও এ ধরনের কোনো নির্দেশনা দেননি।”

তবে সচিবের মাকে দেখার জন্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কেউ কেউ হাসপাতালে যেতে পারেন, তাও বলেন মন্ত্রী রেজাউল।