২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূত্রাপুরে হেলে পড়েছে ছয়তলা বাড়ি, এলাকাবাসী শঙ্কায়

পুরান ঢাকার সূত্রাপুরের একটি ছয়তলা ভবন হেলে পড়ায় এলাকাবাসীর মধ্যে শঙ্কা তৈরি হয়েছে।

কাজী মোবারক হোসেন

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2021, 10:30 PM

Updated : 10 Oct 2022, 06:12 PM

সূত্রাপুরের কুলুটোলা এলাকার ৪৭/২ তনুগঞ্জ লেনে ছয়তলা একটি বাড়ি বৃহস্পতিবার হেলে পড়ে। এতে ভবনটির পূর্ব পাশে থাকা একটি চারতলা ভবনও ঝুঁকির মধ্যে পড়েছে।

যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কায় ইতোমধ্যে দুটি বাড়ি থেকেই মালিকসহ সব ভাড়াটিয়াকে সরিয়ে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করর্পোরেশন।

শুক্রবার দুপুরে গিয়ে দেখা যায়, ওই বাড়িতে ঢুকতে হয় পায়ে হাঁটার সরু একটি গলি দিয়ে। পাশাপাশি দুটি ভবনে কাউকে আর না থাকার অনুরোধ জানিয়ে একটি ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়েছে।

Image
পুরান ঢাকার সূত্রাপুরের কুলুটোলা এলাকার ৪৭/২ তনুগঞ্জ লেনে ছয়তলা বাড়িটি বৃহস্পতিবার হেলে পড়ে। এতে পাশের চারতলা ভবনটিও ঝুঁকিতে পড়েছে।

পুরান ঢাকার সূত্রাপুরের কুলুটোলা এলাকার ৪৭/২ তনুগঞ্জ লেনে ছয়তলা বাড়িটি বৃহস্পতিবার হেলে পড়ে। এতে পাশের চারতলা ভবনটিও ঝুঁকিতে পড়েছে।

‘হাজী বাড়ী, এত টুকু বাসা’ নামে ওই বাড়িটি ১৯৯৫ সালে ডোবা ভরাট করে নির্মাণ করা হয়েছে বলে জানালেন স্থানীয়রা।

পাশের এক বাড়ির একজন ভাড়াটিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি এ এলাকায় দীর্ঘ দিন ধরে থাকি। এই বাড়িটি আমার চোখের সামনেই উঠেছে। চারতলার পাইলিং করেছে বলে আমরা জানি।

“কিন্তু পরে দেখি ছয় তলা বাড়ি। তখনই মনে মনে বলেছিলাম, ডোবার উপরে বাড়ি করেছে, পাইলিংয়ের চেয়ে বেশি তলা করা হয়েছে, পরে সমস্যা হবে। তাই হয়েছে।”

এ বিষয়ে রাজউক চেয়ারম্যান এ বিএম আমিনউল্লাহ নূরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একেবারে ছোট্ট জায়গা, যেখানে প্রবেশের তেমন কোনো ব্যবস্থা নেই, পায়ে হেঁটে প্রবেশ করাও কঠিন।

“সম্ভবত এক কাঠা জমির উপর এই ছয়তলা বাড়িটি তৈরি করা হয়েছে যেখানে এক সময় পানি প্রবাহের জায়গা ছিল, অর্থাৎ ডোবার মত জায়গা। আমি বাড়ির মালিককে খুঁজে পাইনি। তখন ওই ভদ্রমহিলা ছিলেন না।”

Image
পুরান ঢাকার সূত্রাপুরের কুলুটোলা এলাকার ৪৭/২ তনুগঞ্জ লেনে ছয়তলা বাড়িটি বৃহস্পতিবার হেলে পড়ে। এতে পাশের চারতলা ভবনটিও ঝুঁকিতে পড়েছে।

পুরান ঢাকার সূত্রাপুরের কুলুটোলা এলাকার ৪৭/২ তনুগঞ্জ লেনে ছয়তলা বাড়িটি বৃহস্পতিবার হেলে পড়ে। এতে পাশের চারতলা ভবনটিও ঝুঁকিতে পড়েছে।

তিনি জানান, ভবনটি হেলে পড়ার কারণ খুঁজে বের করতে রাজউকের একজন সদস্যের নেতৃত্বে কমিটি করে দেওয়া হয়েছে। কমিটি সব খতিয়ে দেখে প্রতিবেদন দেবে।

স্থানীয়রা বলছেন, এলাকায় অনেক বাড়ির মালিকই অপরিকল্পিতভাবে নকশার বাইরে গিয়ে ভবন নির্মাণ করছেন। এমনকি চার তলার অনুমোদন নিয়ে ছয় কিংবা সাত তলাও নির্মাণ করছেন।

সূত্রাপুরের তনুগঞ্জ লেইনের একটি বাড়ির মালিক বাদল সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি রাজউক থেকে ছয়তলা করার অনুমোদন পেয়েছি, এখন পর্যন্ত পাঁচতলা করতে পেরেছি, বাকি একতলা কবে করতে পারব জানি না।

“কিন্তু অনেকেই দেখছি চারতলার অনুমোদন নিয়ে, চারতলার পাইলিংও করে। কিন্তু কয়েকবছর পরে আবার এটাকে অনুমোদন ছাড়াই আরও কয়েক তলা বাড়িয়ে ফেলে।”

এই এলাকার দীর্ঘ দিনের বাসিন্দা মাইনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা যারা ভাড়া থাকি তারা তো বাড়ির নকশা, অনুমোদন দেখে ভাড়া নিই না। ঝুঁকিতো সবচেয়ে বেশি আমাদের।

“কারণ বেশিরভাগ বাড়ির মালিক এখানে খুব কম সময়ই থাকেন। তারা অপরিকল্পিতভাবে বাড়ি বানিয়ে ভাড়া দেয়। সমস্যা সব আমাদের।”

অপরিকল্পিত এসব ভবন খুঁজে বের করার উদ্যোগ তুলে ধরে রাজউক চেয়ারম্যান জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে তাদের ২৩টি টিম কাজ করছে। এর মধ্যে ১৯টি টিম আর চারটি ভ্রাম্যমাণ আদালত।

“ঢাকা শহর আসলে একটা অপরিকল্পিত নগরী। এখানে পুরান ঢাকার বহু বাড়িতে প্রবেশের জন্য পায়ে হাঁটার রাস্তা নেই। আমাদের টিমগুলো প্রতি মাসে এর একটি রিপোর্ট তৈরি করছে।”