২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড টিকা নিলেন, বাসায় ফেরা হল না প্রবীণ দবিরের

রাজধানীর মাতুয়াইলে করোনাভাইরাসের টিকা নিয়ে ফেরার পথে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2021, 09:39 PM

Updated : 07 Apr 2022, 11:30 PM

নিহতের নাম মো. দবির হোসেন (৬৩)।

বৃহস্পতিবার সকাল ১০টায় মাতুয়াইল শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালে কাছে মূল সড়ক পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, যাত্রীবাহী বাস লাব্বাইক পরিবহনের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন দবির হোসেন।

পরে রবিউল ইসলাম নামের এক পথচারী রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বেলা ১১ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে ১০০ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়।

চিকিৎসাধীন অবস্থায় দুপুর বারোটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঢাকা মেডিকেলে ছুটে আসেন নিহতের ছেলে রফিকুল ইসলাম।

তার বরাত দিয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দবির হোসেন সকালে বাসা থেকে করোনাভাইরাস ভ্যাকসিন নেওয়ার জন্য মাতুয়াইল শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট  হাসপাতালে গিয়েছিলেন। সেখান থেকে  টিকা নিয়ে ফেরার পথে রাস্তায় দুর্ঘটনার শিকার হন।"

মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

নিহত দবির ডেমরা কোনাপাড়া ডগাইর নতুন পাড়া এলাকার স্থায়ী বাসিন্দা মৃত মিয়াজ উদ্দিনের ছেলে।

দুই মেয়ে এক ছেলের জনক দবির পেশায় কাঠমিস্ত্রি ও গ্রাম্য কবিরাজ ছিলেন।