২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি দমনে কঠোর হতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সচিবদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2021, 07:44 PM

Updated : 10 Oct 2022, 06:12 PM

চার বছরের বেশি সময় পর বুধবার সরকারের বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসে এই নির্দেশ দেন তিনি।

এনইসির সম্মেলন কক্ষে সকাল ১০টায় এ সচিব-সভা শুরু হয়। করোনাভাইরাস মহামারীর মধ্যে গণভবন থেকে প্রধানমন্ত্রী এ বৈঠকে যোগ দেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে।

সভায় শেখ হাসিনা বলেন, “আমরা চাই একটা দক্ষ, সেবামুখী, জবাবদিহিমূলক প্রশাসন গড়ে উঠবে, যা দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে পারবে।

“বাংলাদেশে আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে চাই। যেহেতু আমরা অনেক সুযোগ-সুবিধা দিচ্ছি, অর্থনৈতিকভাবে অগ্রগতি হচ্ছে। এই জন্য কোনো ধরনের দুর্নীতিকে আমরা সহ্য করব না।”

সচিবদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের একটা কঠোর ব্যবস্থা নিতে হবে এবং যেখানে আপনারা কোনো দুর্নীতি দেখবেন, সেখানে ব্যবস্থা নিতে হবে।

“যারা ভালো কাজ করবে, অবশ্যই তারা পুরস্কৃত হবে। কিন্তু যারা এই ধরনের দুর্নীতিতে জড়িত হবে, অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”

সচিবদের প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলার পরামর্শ দেন তিনি।

কৃষক, শ্রমিক মেহনতি মানুষের ঘামে যে বাংলাদেশ এগিয়ে চলছে, তা স্মরণ রাখতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান।

করোনাভাইরাস মহামারীর প্রভাবে বিশ্বের সব জায়গায় দারিদ্র্যের হার বেড়ে যাওয়ার বিষয়টি নিয়ে তিনি বলেন, দেশে দারিদ্র্যের হার যেন না বাড়ে, সেজন্য আরও আন্তরিকভাবে কাজ করে যেতে হবে।

উন্নয়ন প্রকল্পগুলো যন যথাযথভাবে বাস্তবায়ন হয়, সেদিকে বিশেষ দৃষ্টি রাখতে সচিবদের বলেন প্রধানমন্ত্রী।

দেশকে এগিয়ে নিতে সচিবদের সক্রিয় থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের দেশের একটি লোকও যেন পিছিয়ে না থাকে। উন্নয়নের ছোঁয়াটা সকলের ঘরে যেন পৌঁছায়।

“পরিকল্পনাগুলো যেভাবে আমরা নিই, সেভাবে আমরা কাজ করলে অবশ্যই উন্নত, সমৃদ্ধ সোনার বাংলা আমরা গড়তে পারব। আমরা বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলব, এই অগাস্ট মাসে এটাই আমাদের প্রতিজ্ঞা।”

স্বাধীন দেশের উপযোগী যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে জাতির পিতার ভূমিকার কথা সভায় তুলে ধরার পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলতে তার নেওয়া নানামুখী উদ্যোগের কথাও তুলে ধরেন শেখ হাসিনা।

আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন দপ্তরের দায়িত্বে থাকা সাবেক ও বর্তমান সচিবদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “প্রত্যেকের কাছ থেকে আমরা সব সময় সহযোগিতা পেয়েছি এবং আন্তরিকতা পেয়েছি।”

শেরেবাংলা নগরে পরিকল্পনা বিভাগে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা উপস্থিত ছিলেন।