২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার থেকে চলবে আরও ট্রেন

ট্রেনে যাত্রী পরিবহন পুরোদমে শুরু করতে আগামী ১৯ অগাস্ট বৃহস্পতিবার থেকে রেলবহরে আরও ১২ জোড়া আন্তঃনগর ট্রেন এবং ২৪ জোড়া মেইল ও কমিউটার ট্রেন চালু হচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2021, 06:06 PM

Updated : 02 Aug 2022, 06:13 PM

মহামারীকালে লকডাউনের বিধিনিষেধ শেষে গত ১১ অগাস্ট থেকে ৩৮ জোড়া আন্তঃনগর এবং ২০ জোড়া মেইল ও কমিউটার ট্রেনে যাত্রী পরিবহন শুরু হয়।

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী ১৯ অগাস্ট থেকে পুরোদমে যাত্রীবাহী রেল চলাচল শুরু করতে মঙ্গলবার আরও ১২ জোড়া আন্তঃনগর ট্রেন ও ২৪ জোড়া মেইল ও কমিউটার রেল চলাচলের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

তবে চট্রগাম-সিলেট রুটের জালালাবাদ এক্সপ্রেস, ঢাকা-ময়মনসিংহ রুটের ঈশাখাঁ এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন কোচ ও ইঞ্জিন মেরামত বা স্বল্পতার জন্য পরবর্তীতে চালানোর সুপারিশ করা হয়েছে।

তিনি বলেন, ট্রেনে সবাইকে কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা দেখা গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে গত ১ জুলাই দেশে লকডাউনের কঠোর বিধিনিষেধ আরোপ হলে অন্য সব যাত্রীবাহী গণপরিবহনের মতো ট্রেন চলাচলও বন্ধ রাখা হয়। ঈদ ঘিরে ১৫ জুলাই থেকে ২২ জুলাই লকডাউন শিথিল করা হলে রেলপথ মন্ত্রণালয়ও ট্রেন চালু করে।

এরপর ২৩ জুলাই থেকে আবার কঠোর লকডাউন শুরু হলে ট্রেনও থেমে যায়। সেই বিধিনিষেধের সময়সীমা ১০ অগাস্ট শেষ হয়। ১১ অগাস্ট থেকে বেশিরভাগ বিধিনিষেধ তুলে নেওয়া হয়।

রেলপথ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রেলওয়ের ৩৬২টি ট্রেনের মধ্যে স্বাভাবিক সময়ে ১০২টি আন্তঃনগর ট্রেন এবং ২৬০টি লোকাল, কমিউটার ট্রেন ও মালবাহী ট্রেন চলাচল করে।