২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও জিয়ার মরণোত্তর বিচার চাইলেন তথ্য প্রতিমন্ত্রী

জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ‘প্রধান কুশীলব’ দাবি করে ‘কলঙ্কের কালো দাগ’ মুছে ফেলতে আবারও তার মরণোত্তর বিচার দাবি করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2021, 07:33 PM

Updated : 02 Aug 2022, 06:12 PM

তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার সকালে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ দাবি জানান।

প্রতিমন্ত্রী বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু হত্যাকান্ডের কলঙ্কের কালো দাগ ইতিহাসের পাতা থেকে মুছে ফেলতে এ হত্যার মাস্টার মাইন্ড, প্রধান কুশীলব খুনি জিয়াউর রহমানের মরণোত্তর বিচার করতে হবে।”

এর আগে গত বুধবার সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি একই দাবি জানিয়ে বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তারাই ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে তিনি বঙ্গবন্ধু হত্যার ‘মূল পরিকল্পনাকারী’ এবং এ হত্যার ‘বেনিফিশিয়ারি’ বলেও সেদিন দাবি করেন তথ্য প্রতিমন্ত্রী।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি শিল্পী রফিকুল আলমের সভাপতিত্বে শনিবারের আলোচনাসভায় ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী রেজাউল করিম, আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি আবদুল জলিল, অরুণা বিশ্বাস, অরুণ সরকার রানা উপস্থিত ছিলেন।