ভুল আইনে বিচার: ৫০ লাখ টাকা ক্ষতিপূরণের আদেশ ৬ বছর পর স্থগিত
ধর্ষণের ঘটনায় ‘ভুল আইনে’ বিচার করায় ভোলার চরফ্যাশনের আব্দুল জলিলকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হাই কোর্টের আদেশ স্থগিত করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের আবেদনে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার আদালত বৃহস্পতিবার এ স্থগিতাদেশ দেয়।
আবেদনের পক্ষে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সম্ভবত ১০ সপ্তাহের জন্য হাই কোর্টের আদেশটি স্থগিত করা হয়েছে। সেই সাথে আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়েছে। সেখানেই নিষ্পত্তি হবে।”
২০০১ সালের ২৩ সেপ্টেম্বর প্রতিবেশীর পাঁচ বছর বয়সী এক শিশুকে ‘প্রলোভন দেখিয়ে ধর্ষণের’ অভিযোগে পরদিন চরফ্যাশন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয় জলিলের বিরুদ্ধে।
২০০৪ সালের ৩০ অগাস্ট ওই মামলায় ভোলার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল জলিলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়।
রায়ের বিরুদ্ধে হাই কোর্টে জেল আপিল করেন জলিল। হাই কোর্টের একটি দ্বৈত বেঞ্চ জলিলের যাবজ্জীবন সাজা বাতিল করে মামলাটি পুনর্বিচারের জন্য বিচারিক আদালতে পাঠায়।
অপরাধ সংঘটনের সময় জলিল নাবালক ছিলেন কি না, তা নির্ণয় করতে সে সময় নির্দেশনা দিয়েছিল হাই কোর্টের ওই দ্বৈত বেঞ্চ।
অপরাধ সংঘটনের সময় জলিলের বয়স ছিল ১৫ বছর। অভিযোগপত্র জমার সময় তার বয়স ছিল ১৬ বছর। ওই সময়ে কার্যকর শিশু আইনে ১৬ বছর পর্যন্ত শিশু হিসেবেই ধরা হত। কিন্তু শিশু আইনের বদলে জলিলের বিচার হয় নারী ও শিশু নির্যাতন দমন আইনে।
কিন্তু হাই কোর্টের ওই দিকনির্দেশনার পরেও জলিলকে বিচারের ক্ষেত্রে শিশু আইনের কোনো বিধান প্রতিপালন করা হয়নি। ২০১০ সালের ৮ মার্চ ভোলার অতিরিক্ত দায়রা জজ আদালত জলিলকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়।
ওই সাজার বিরুদ্ধে আবার জেল আপিল করেন জলিল। ওই জেল আপিল নিষ্পত্তি করে ২০১৫ সালের ১৫ ডিসেম্বর রায় দেয় বিচারপতি এ এফ এম আবদুর রহমানের একক বেঞ্চ।
পরের বছর, অর্থাৎ ২০১৬ সালের ২৫ মে ওই রায় প্রকাশ হয়। ওই রায়ে হাই কোর্ট ‘ভুল আইনে’ বিচার করায় আব্দুল জলিলকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেয়। সেই সঙ্গে জলিলের দণ্ডাদেশ বাতিল করে অন্য কোনো মামলায় গ্রেপ্তার না থাকলে তাকে অবিলম্বে মুক্তি দিতে বলা হয়।
হাই কোর্টের রায়ে বলা হয়, “এই আদালত মনে করে, রাষ্ট্রপক্ষ কর্তৃক আসামি আব্দুল জলিলকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান করাই যুক্তিযুক্ত। এ মর্মে এই আদালত আসামি আব্দুল জলিলের জীবনের ১৪টি বছরের বিনিময়ে রাষ্ট্রপক্ষকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ পরিশোধ করার আদেশ প্রদান করছে।”
তখনকার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের প্রশ্নে বলেছিলেন, “আসামিকে ৫০ লাখ টাকা দেওয়া রাষ্ট্রপক্ষের জন্য কষ্টসাধ্য ব্যাপার হবে। ভুল করলে বিচারক বা প্রসিকিউটর করে থাকতে পারেন। সেজন্য আসামি অবশ্যই খালাস পাওয়ার যোগ্য। অর্থদণ্ডের বিষয়ে আপিল করা উচিত। তবে অন্য পর্যবেক্ষণগুলো নিয়ে রাষ্ট্রপক্ষের কোনো বক্তব্য নেই। রাষ্ট্রপক্ষকে আদালত অবশ্যই জরিমানা করতে পারেন। তবে ৫০ লাখ টাকা অতিরিক্ত হয়ে গেছে।”
ছয় বছর আগে রায় প্রকাশ হলেও সম্প্রতি বিলম্ব মার্জনাসহ এ রায়ের বিরুদ্ধে লিভটু আপিল করে রাষ্ট্রপক্ষ। আবেদনে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ স্থগিত চাওয়া হয়। সে আবেদনের শুনানি করেই তা স্থগিত করে আপিল বিভাগে পাঠাল চেম্বার আদালত।
