২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক অতিরিক্ত সচিব ফরহাদ রহমানের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের সদস্য, সাবেক সরকারি কর্মকর্তা ফরহাদ রহমান মাক্কী মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2021, 08:25 PM

Updated : 02 Aug 2022, 06:11 PM

Image
ফরহাদ রহমান

ফরহাদ রহমান

মঙ্গলবার বিকালে ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের কো-অর্ডিনেটর তন্ময় আহমেদ জানান, গত বছর কোভিড আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর ফরহাদ রহমানের ফুসফুসের ক্যান্সার ধরা পড়েছিল এবং তা সারাদেহে ছড়িয়ে পড়ে।

তন্ময় জানান, বুধবার ফরহাদ রহমানের জানাজা অনুষ্ঠিত হবে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে, এরপর নিজ গ্রামে তাকে দাফন করা হবে।

ফরহাদ রহমানের ছেলে শাহ আলী ফরহাদ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে রয়েছেন।

ফরহাদ রহমান উপ সচিব থাকাকালে ২০০১ সালের নির্বাচনের পর বিএনপি-জামায়াত জোট সরকার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ফিরলে তিনি চাকরি ফেরত পান এবং অতিরিক্ত সচিব হিসেবে অবসর নেন।

অবসর গ্রহণের পর ফরহাদ সরাইলে আওয়ামী লীগের কর্মকাণ্ডে যুক্ত হন।

প্রধানমন্ত্রীর শোক

নিজের বিশেষ সহকারী শাহ্‌ আলী ফরহাদের বাবা ফরহাদ রহমান মাক্কির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে, তিনি প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।