২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের ফটক থেকে ভুয়া কর্মকর্তা গ্রেপ্তার

আড়াই লাখ টাকার একটি চেকসহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভুয়া কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2021, 10:10 PM

Updated : 02 Aug 2022, 06:11 PM

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয় থেকে জাহাঙ্গীর আলম নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

জাহাঙ্গীরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে সোমবার রমনা থানায় একটি মামলাও হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক।

দুদকের কর্মকর্তারা জানান, জাহাঙ্গীর বিভিন্ন সময় নিজেকে দুদক কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ, ফয়সালসহ আরও বিভিন্ন নামে পরিচয় দিয়ে মানুষকে প্রতারিত করতেন।

রোববার সিরাজগঞ্জের চৌহালির বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাহহার সিদ্দিককে ফোন করেন জাহাঙ্গীর।

ওই ইউপি চেয়ারম্যানের ভাষ্য, তাকে ফোন করে জাহাঙ্গীর বলেছিলেন, ‘আপনার বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ আছে, আগামীকাল (সোমবার) দুদক প্রধান কার্যালয়ে আপনাকে আসতে হবে। না আসলে অসুবিধা হবে’।

ইউপি চেয়ারম্যান কাহহার সিদ্দিক সোমবার দুদকের প্রধান ফটকে এলে জাহাঙ্গীর নিজেকে অভিযোগের তদন্ত কর্মকর্তা পরিচয় দিয়ে তাকে একটি চিঠি দেন।

কিন্তু কাহহার সিদ্দিকী পরে তা দুদকের নিরাপত্তাকর্মীদের দেখালে তারা এটি ভুয়া চিঠি বলে জানান।
তখন জাহাঙ্গীরকে দুদকের নিরাপত্তাকর্মীদের হাতে ধরিয়ে দেন কাহহার সিদ্দিক।

এরপর কাহহার সিদ্দিক বাদী হয়ে সোমবার সন্ধ্যায় জাহাঙ্গীরের বিরুদ্ধে রমনা থানায় প্রতারণার অভিযোগে মামলা করেন।

এর আগেও দুদক কর্মকর্তা পরিচয় দেওয়া বেশ কিছু প্রতারক দুদকের হাতে গ্রেপ্তার হয়েছে। যারা দুদকের কর্মকর্তা পরিচয় দিয়ে কল্পিত দুর্নীতির অভিযোগের অনুসন্ধানের কথা বলে বহু মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে।

এই ধরনের কথা কেউ বললে দুদকের পরিচালক (গোয়েন্দা) মীর মো. জয়নুল আবেদীন শিবলী (০১৭১১-৬৪৪৬৭৫) অথবা দুদকের কল সেন্টার ১০৬ এ অভিযোগ জানাতে অনুরোধ করেছে সংস্থাটি।