২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডা. ইশিতা আরেক মামলায় রিমান্ডে

ভুয়া ডিগ্রি ও পদবি ব্যবহার করে মানুষকে প্রতারিত করার অভিযোগে গ্রেপ্তার চিকিৎসক ইশরাত রফিক ঈশিতাকে আরেক মামলায়ও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2021, 05:55 PM

Updated : 02 Aug 2022, 06:11 PM

ডিজিটাল নিরাপত্তা আইনে করা এই মামলায় তার সঙ্গে গ্রেপ্তার সহযোগী শহিদুল ইসলাম দিদারকে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

সোমবার মহানগর হাকিম মাহমুদা আক্তার মামলার তদন্ত কর্মকর্তা ঢাকার শাহ আলী থানার এসআই মাসুদ রানার আবেদনে ইশিতা ও শহিদকে দুদিন রিমান্ডের আদেশ দেন।

গত ১ অগাস্ট ইশিতা ও শহিদকে ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করার পর শাহ আলী থানায় এই মামলা করে।

মামলায় ডা. ইশিতার বিরুদ্ধে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতারণার অভিযোগ আনা হয়।

ইশিতা ময়মনসিংহের বেসরকারি একটি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করলেও নিজেকে ‘বিজ্ঞানী’ হিসেবে পরিচয় দিতেন। নামের আগে লিখতেন ‘ব্রিগেডিয়ার জেনারেল’, ইন্টারপোলের সঙ্গেও নিজের সংশ্লিষ্টতা রয়েছে বলেও দাবি করতেন।

আন্তর্জাতিক নানা পুরস্কারে পাওয়ার কথাও বলে তিনি সোশাল মিডিয়ায় নানা অনুষ্ঠান করতেন, যার সবই ‍ভুয়া বলে র‌্যাব জানায়।

চিকিৎসক তিনি ঠিকই, তবে বাকি ডিগ্রি-পদবি সবই ‍‘ভুয়া’  

Image
গ্রেপ্তার ইশরাত রফিক ঈশিতা।

গ্রেপ্তার ইশরাত রফিক ঈশিতা।

রিমান্ড আবেদনে বলা হয়, “তারা অ্যাওয়ার্ড বিষয়ক অনুষ্ঠানের এডিটিং করা ভুয়া ছবি ও সনদ তৈরি করে গণমাধ্যমে পাঠিয়ে ও ভার্চুয়াল জগতে প্রচারণা চালাত। ইয়াং ওয়ার্ল্ড লিডারস ফর হিউম্যানিটি নামে একটি অনিবন্ধিত ও অননুমোদিত সংগঠন পরিচালনা করত। ফেইসবুক পেজের মাধ্যমে দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতারণার নেটওয়ার্ক তৈরি করে ইতোমধ্যে বিভিন্ন দেশে প্রতিনিধি নিয়োগ করে আসছে। প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাচ্ছে।”

তবে ডা. ইশিতা ও শহিদের পক্ষে আইনজীবী ফোরকান জামিন না চেয়ে শুধু রিমান্ড বাতিলের আবেদন করেন।

তিনি বলেন, “আসামিরা নিরাপরাধ। অন্যায়ভাবে তাদের মামলায় জড়ানো হয়েছে। ঈশিতা সত্যিকারের একজন ডাক্তার। তিনি অসুস্থ। তার রক্তে বিলিরুবিন বেড়ে গেছে। তার সুচিকিৎসার প্রয়োজন।”

রাষ্ট্রপক্ষ থেকে আদালতে পুলিশের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই মো. আসাদুজ্জামান বলেন, “আসামি ইশিতা ভুয়া আইডি, ভিজিটিং কার্ড, সিলমোহর, ভুয়া সনদপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমসহ আরও ইলেকট্রনিক প্ল্যাটফর্মে ব্যবহার করে প্রচার করত এবং প্রতারণা চালাত। এ সবের উৎস, সহযোগী চক্র শনাক্তের জন্য রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ জরুরি।”

গ্রেপ্তারের পর ডা. ইশিতা ও শহিদের বিরুদ্ধে প্রতারণা ও মাদক আইনেও দুটি মামলা হয়। সেই দুই মামলায় গত সোমবার তাদের তিন দিন করে ছয় দিন রিমান্ডের আদেশ হয়েছিল।

দুই মামলায় জিজ্ঞাসাবাদ শেষে সোমবার তাদের আদালতে আনা হয়েছিল।