লকডাউনে ঢাকায় গ্রেপ্তার কমেছে
মহামারী নিয়ন্ত্রণের চলমান লকডাউনের সপ্তদশ দিনে ঢাকায় গ্রেপ্তারের সংখ্যা কমেছে।
‘অপ্রয়োজনে’ বের হওয়ায় রোববার রাজধানীতে ২৪১ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। আগের দিন গ্রেপ্তার করা হয়েছিল ৩৪২ জনকে।
এদিক ৮৪ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৭ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়। আগের দিন ১৭১ জনের কাছ থেকে ৪৮ হাজার ৪৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছিল।
তবে ডিএমপির ট্রাফিক বিভাগে জরিমানার টাকার অঙ্ক বেড়েছে।
রোববার ৫৩৭টি গাড়িকে ১২ লাখ ১৮ হাজার টাকা জরিমানা করা হয়, যা আগের দিন ছিল ৪৯২টি গাড়িকে ১০ লাখ ৯০ হাজার ৫০০ টাকা।
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে কোরবানির ঈদের ছুটির পর গত ২৩ জুলাই থেকে শুরু হওয়া এই লকডাউন ১০ অগাস্ট পর্যন্ত চলবে।
আর দুদিন বাদে বুধবার থেকে বিধি-নিষেধ অনেক ক্ষেত্রেই শিথিল হয়ে যাচ্ছে।
